প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিজয় কুমার সিং আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তাঁর আগ্রহের কথা ব্যক্ত করে বলেন, ‘আমরা ভারতসহ প্রতিবেশী সকল দেশের সাথে শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাসী।’প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ কথা জানান। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন। বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সেনাবাহিনীর প্রধানকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সফর দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে। তিনি বলেন, ‘এ অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে দারিদ্র্য। দারিদ্র্যকে দূর করার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।’প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অবদান এবং সেনাবাহিনীর আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। উলে¬্লখ্য, সফররত ভারতের সেনাবাহিনী প্রধান মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা হিসেবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আজ সাক্ষাৎকালে জাতির জনক বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে ভারত সফরের দুর্লভ ছবি এবং মুক্তিযুদ্ধকালে ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধের ছবি শেখ হাসিনাকে উপহার দেওয়া হয়।সাক্ষাৎকালে ভারতীয় সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছিলেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রজিত মিত্তার। বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবদুল ওয়াদুদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন মিয়াজি এ সময় উপস্থিত ছিলেন। বাসস।