প্রধানমন্ত্রীর সঙ্গে মরিয়ার্টির বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জেমস মরিয়ার্টি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে দায়িত্বপালনে সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান। বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য তিনি বর্তমান সরকারের প্রশংসা করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি দেশের বিদ্যুৎসমস্যা প্রসঙ্গে বলেন, তাঁর সরকার এ সমস্যা সমাধানে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং এরই মধ্যে সংকট অনেকটা কমে এসেছে।সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কখনই কোনো সন্ত্রাসীকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো জায়গা নেই।’দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশ ৬ শতাংশেরও ওপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে উভয়ে আশা প্রকাশ করেন।অ্যাম্বাসেডার এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময়ে উপস্থিত ছিলেন। বাসস।