প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার গণভবনে তাঁরা এই সাক্ষা করেন। সাক্ষাত্কালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট, ব্যবসা-বাণিজ্য, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, উভয়ের আলোচনায় সংসদীয় গণতন্ত্র পদ্ধতি, সন্ত্রাস দমন ও বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়টি গুরুত্ব পেয়েছে। আহমেদ নাসিম মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করাসহ তাঁর সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ প্রদত্ত এমডিজি অ্যাওয়ার্ড প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরক্ষরতা দূরীকরণ বিষয়ে সরকারের সাফল্য তুলে ধরেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। সাক্ষাত্কালে উভয়ে বাংলাদেশ থেকে দক্ষ, অদক্ষ ও আধা দক্ষ জনশক্তি নেওয়া এবং পর্যটনশিল্পের বিষয়ে দুই দেশের সহযোগিতা নিয়েও আলোচনা করেন। এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাটলার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বাসস।