বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও-ভুক্তির তালিকা প্রণয়নের ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বৈঠক করেছেন।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁদের মধ্যে এ বৈঠক হয় বলে জানা গেছে। পরে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী দ্রুত তালিকা প্রণয়নের জন্য তাঁদের তাগিদ দেন বলে জানা গেছে। এ সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র জানায়, নুরুল ইসলাম নাহিদ ও আলাউদ্দিন আহমেদ বৈঠককালে দ্রুত তালিকা চূড়ান্ত করার ব্যাপারে একমত হন। শিক্ষামন্ত্রী এ ব্যাপারে আলাউদ্দিন আহমেদকে সর্বাত্মক সহায়তার কথা বলেন।বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এমপিওভুক্তির তালিকা পর্যালোচনার জন্য শিক্ষা উপদেষ্টাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, তিনি ইচ্ছা করলে পুরো তালিকা বাতিল করতে পারেন অথবা সংখ্যা বাড়াতে বা কমাতেও পারেন। তিনি তালিকা চূড়ান্ত করে দিলেই মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এমপিও তালিকা করেছি, আবার আমরাই পর্যালোচনা করলে হয়তো অনেক ভুল ধরা নাও পড়তে পারে। তাই পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা উপদেষ্টার হাতেই পর্যালোচনার দায়িত্ব দিয়েছি।’তাঁর বেঁধে দেওয়া সাত দিনের সময়ের বিষয়ে বলেন, সাত দিন নিয়ে কেন এত আলোচনা তা বুঝি না। আন্দাজ করে একটা সময় বলেছি। এর মধ্যে দু-এক দিন স্বাভাবিকভাবেই এদিক-ওদিক হতে পারে।শিক্ষা মন্ত্রণালয় যা সাত মাসে পারেনি, আমি কীভাবে তা সাত দিনে করব—পত্রিকায় প্রকাশিত উপদেষ্টার এমন বক্তব্যকে ইঙ্গিত করে নাহিদ বলেন, ‘আমরা সাত মাসে নয়, মাত্র তিন সপ্তাহে এমপিও তালিকা চূড়ান্ত করেছি। এখন তাদের পর্যালোচনা করতে সময় লাগার কথা না। সবকিছু প্রস্তুত করাই আছে। এখন শুধু কোনটা রাখা হবে কোনটা হবে না—এ সিদ্ধান্ত নিলেই হবে।’শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তাঁকে ও শিক্ষামন্ত্রীকে নিয়ে বসে প্রধানমন্ত্রী এমপিওভুক্তির পুরো বিষয়টি আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী জনসংখ্যাভিত্তিক প্রাপ্যতা না দেখে নির্বাচনী এলাকা অনুযায়ী এমপিওভুক্তি করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানান উপদেষ্টা।গত ১৬ মে শিক্ষামন্ত্রী পুরো দায়িত্ব আলাউদ্দিনের হাতে তুলে দেন।