এমপিওভুক্তির তালিকা পর্যালোচনা
প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার বৈঠক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা প্রণয়নের ব্যাপারে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বৈঠক করেছেন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁদের মধ্যে এ বৈঠক হয় বলে জানা গেছে। পরে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী দ্রুত তালিকা প্রণয়নের জন্য তাদের তাগিদ দেন বলে জানা গেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে এমপিওভুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে।সূত্র জানায়, নূরুল ইসলাম নাহিদ ও আলাউদ্দিন আহমেদ বৈঠকে দ্রুত তালিকা চূড়ান্ত করার ব্যাপারে একমত হন। শিক্ষামন্ত্রী এ ব্যাপারে আলাউদ্দিন আহমেদকে সর্বাত্মক সহায়তার কথা বলেন।এদিকে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এমপিওভুক্তির তালিকা পর্যালোচনার জন্য শিক্ষা উপদেষ্টাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানান। মন্ত্রী বলেন, ‘তিনি ইচ্ছা করলে পুরো তালিকা বাতিল করতে পারেন। অথবা বাড়াতে-কমাতেও পারেন। তিনি কী করবেন সেটা তিনিই (শিক্ষা উপদেষ্টা) জানেন। তিনি তালিকা চূড়ান্ত করে আমাদের কাছে দিলেই আমরা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করব।’বেঁধে দেওয়া সাত দিনের সময়ের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাত দিন নিয়ে কেন এত আলোচনা, তা বুঝি না। আন্দাজ করে একটা সময় বলেছি। এর মধ্যে দু-এক দিন স্বাভাবিকভাবেই এদিক-ওদিক হতে পারে।’শিক্ষা মন্ত্রণালয় যা সাত মাসে পারেনি আমি কীভাবে তা সাত দিনে করব—পত্রিকায় প্রকাশিত উপদেষ্টার এমন বক্তব্যকে ইঙ্গিত করে নাহিদ বলেন, ‘আমরা সাত মাসে নয়, মাত্র তিন সপ্তাহে এমপিও তালিকা চূড়ান্ত করেছি। এখন তাদের পর্যালোচনা করতে সময় লাগার কথা না। সবকিছু প্রস্তুত করাই আছে। এখন শুধু কোনটা রাখা হবে, কোনটা হবে না এ সিদ্ধান্ত নিলেই হবে।উপদেষ্টা ও তার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা সবকিছুতে একমত। আমার করা বিভিন্ন প্রস্তাবের বিষয়ে তিনি কোনো দ্বিমত পোষণ করেননি।’নাহিদ আরও বলেন, নিয়মনীতি মেনে কাজ করলে কেউ কেউ অসন্তুষ্ট হবেনই। এমপিওভুক্তির ক্ষেত্রে এমনটা হয়েছে। তবে কিছু সমস্যাও হয়ে থাকতে পারে। এ জন্য চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও প্রাপ্তির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে একটির এমপিও বাতিলও করা হয়েছে।শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, তাঁকে এবং শিক্ষামন্ত্রীকে নিয়ে বসে প্রধানমন্ত্রী এমপিওভুক্তির পুরো বিষয়টি আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী জনসংখ্যাভিওিক প্রাপ্যতা না দেখে নির্বাচনী এলাকা অনুযায়ী এমপিওভুক্তি করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।১৬ মে শিক্ষামন্ত্রী পুরো দায়িত্ব আলাউদ্দিনের হাতে তুলে দেন। ১৭ মে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টাকে সাত দিনের মধ্যে এমপিওভুক্তির বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করে তা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানান। চিঠিতে চলতি অর্থবছরের মধ্যে তালিকা চূড়ান্ত করতে না পারলে এমপিওভুক্তির আদেশ পাওয়া এক হাজার ২২টি প্রতিষ্ঠান বঞ্চিত হবে এবং ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ থেকে ১৪ হাজার শিক্ষক কর্মচারী আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন বলেও শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন।