প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা মহিউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রী কোরিয়া সফর শেষে দেশে ফিরে আসার পর মেয়রকে সাক্ষাতের সময় দিয়েছেন বলে জানা গেছে। আগামী শুক্র অথবা শনিবার এ বৈঠক হতে পারে বলে জানা গেছে। থাইল্যান্ড, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় পাঁচ দিনের সফরে গতকাল ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। আগামী বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা। এরপর মেয়র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। মেয়রের ঘনিষ্ঠ সূত্র জানায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মহিউদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একাংশ গত বুধবার রাতে কেন্দ্রে প্রস্তাব পাঠায়। তিন দিন পার হয়ে যাওয়ার পরও কেন্দ্র থেকে কোনো সাড়া না আসায় মহিউদ্দিন চৌধুরী নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন।সূত্রমতে, মেয়র মহিউদ্দিন গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেলিফোন করেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা টেলিফোন ধরেন এবং তাঁর (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা বলে কোরিয়া থেকে ফেরার পর মেয়রের সঙ্গে সাক্ষাৎ দেওয়ার কথা জানান। মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি, তাঁর লোকজনের সঙ্গে হয়েছে। প্রধানমন্ত্রী বিদেশ সফরের পর আমাকে তাঁর সঙ্গে দেখা করার সময় দিয়েছেন। প্রধানমন্ত্রী ফেরার পর আমি নিজেই দেখা করতে যাব।’এদিকে মেয়রবিরোধী বলে পরিচিত নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দল এখনো মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেনি। মহিউদ্দিন তিনবার নির্বাচন করলেন, এখন আমরা বিকল্প প্রার্থী খুঁজছি। এ জন্য আমরা কেন্দ্রে যোগাযোগ রাখছি।’ দলীয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগের এ অংশটি মহিউদ্দিন যাতে দলের সমর্থন না পান, সেই চেষ্টা-তদবির করছেন। সেটা না হলে তারা ভালো ভাবমূর্তির কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পরোক্ষ সমর্থন দেবেন। প্রসঙ্গত, ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে।