গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। আমি নিশ্চিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে তাঁর রাজনীতির জন্য হুমকি মনে করেন না। তাই চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি বৈঠক করতে প্রস্তুত আছি।’ তিনি বলেন, এটি হবে তাঁর জন্য সম্মানজনক। নিউইয়র্কভিত্তিক দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। গত বৃহস্পতিবার তাঁর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।বর্তমান অচলাবস্থায় গ্রামীণ ব্যাংকের ঝুঁকি এবং ব্যাংকের ভবিষ্যৎ সম্পর্কে ই-মেইলে পাঠানো প্রশ্নের জবাবে ড. ইউনূস ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘আমার একমাত্র উদ্বেগের বিষয় হলো, গ্রামীণ ব্যাংকের ৮৩ লাখ ঋণগ্রহীতাকে নিয়ে। তাঁদের অধিকাংশই নিম্ন আয়ের গ্রামীণ নারী। তাঁদের মঙ্গলের কথা ভেবেই আমি বারবার বলেছি, ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে আমার সরে যাওয়ার প্রক্রিয়াটি যেন মসৃণ হয়। তাতে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় অথবা আস্থার সংকট না হয়। মুহাম্মদ ইউনূস বলেন, ঋণগ্রহীতারা যদি গ্রামীণ ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তাঁদের স্বার্থ কে দেখবে? তিনি বলেন, ‘আমি অনেকবার বলেছি, আমার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী আমাকে তাঁর রাজনীতির জন্য হুমকিও মনে করেন না। সবচেয়ে বড় কথা, আমি কারও জন্যই রাজনৈতিক হুমকি নই।’ ওয়াল স্ট্রিট জার্নাল অনলাইন।