প্রধানমন্ত্রীর সফর ভারতের জন্য সফল: সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ভারতের জন্য সফল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি দাবি করেন, এ সফরে ভারত প্রমাণ করল যে আসলে তারা চানক্য। ভারতের সঙ্গে বন্দর ব্যবহারের চুক্তির মাধ্যমে চট্টগ্রাম এবং দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা হয়েছে।প্রতিবেশী এ দুই দেশের সম্পর্ককে শেয়াল-মুরগির সম্পর্ক হিসেবে উল্লেখ করে সাকা চৌধুরী আরও বলেন, ‘শেয়ালের সঙ্গে নিরাপত্তা চুক্তি করে লাভ কি? মুরগি যত তাজা হোক শেয়াল তো আমাদের খাবে। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। তার অর্থ এই নয়, আমাদের অভ্যন্তরীণ সমস্যা রপ্তানি করতে হবে, আবার ভারতের অভ্যন্তরীণ সমস্যা আমদানি করতে হবে।’ আজ শুক্রবার দুপুরে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামে তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এ সময় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, বিএনপির নেতা এরশাদ উল্লাহ, নাজিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি আজ চট্টগ্রামের স্বার্থ নিয়ে কথা বলব।’সাকা চৌধুরী আরও বলেন, বন্দর ব্যবহারের যে চুক্তি করা হয়েছে, তাতে চট্টগ্রামকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। একসময় উলফার জন্য অবৈধভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে অস্ত্র সরবরাহ করা হতো বলে প্রচারণা রয়েছে। এখন বৈধভাবে উত্তর ভারতের উলফাবিরোধীদের কাছে অস্ত্র সরবরাহ করার জন্যই তাহলে এ চুক্তি করা হয়েছে। এটি চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বলে সাকা চৌধুরী মন্তব্য করেন। এতে বাংলাদেশের সামরিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। শিগগির জনগণ এসব চুক্তির জবাব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগে যেভাবে আমেরিকাকে কনটেইনার টার্মিনাল করতে জনগণ বাধা দিয়েছিল, তেমনি এবার ভারতকেও বন্দর ব্যবহারে বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে তাঁরা সক্রিয় হবেন।’চট্টগ্রাম অবহেলিত উল্লেখ করে সাকা চৌধুরী বলেন, ‘এখানে গ্যাস ও বিদ্যুত্ এবং পুঁজি বিনিয়োগের অভাব রয়েছে, মিল-কারখানা হয় না।’