প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে ১০৩ জন সফরসঙ্গী নিয়ে ঢাকা ছেড়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাসেলসে গেছেন। আজ সকালে তাঁদের নিউইয়র্কে পৌঁছানোর কথা। অন্যরা গত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।গত বছর জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন মাত্র ২৩ জন।এবার শেখ হাসিনার নিউইয়র্ক সফরে ব্যবসায়ী প্রতিনিধি আছেন ২৮ জন। এ ধরনের সফরে ব্যবসায়ী প্রতিনিধিদলে যাঁরা থাকেন, তাঁরা নিজেদের অর্থে যাওয়া-আসাসহ আনুষঙ্গিক খরচ মেটান। নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রীর পরিবারের ছয় সদস্য তাঁর সঙ্গে অবস্থান করবেন। তাঁরা হলেন ছোট বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে আজমিনা সিদ্দিক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিন ওভারমায়ার ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও তাঁর স্বামী খন্দকার মাশরুর হোসেন। মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ডেপুটি স্পিকার শওকত আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিশেষ ব্যক্তিত্বের তালিকায় কবি-আমলার পাশাপাশি আছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাও।বিশেষ ব্যক্তিত্বরা হলেন কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা ও মুহাম্মদ সামাদ, সাবেক আমলা এ জে এম আবদুল আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, ঠাকুরগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কোরাইশী, শেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, ছাত্রলীগের সাবেক নেতা ইকবাল হোসেন মিয়া, আনোয়ার হোসেন ও আখতার হোসেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, যুবলীগের (উত্তর) সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী মো. শাহজাহান মিয়া।এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১১ জন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আটজন, পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন, এসএসএফের ১৩ জন এবং গণমাধ্যম দলের ১৫ জন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।এর আগে ১০ থেকে ১৩ জানুয়ারি ৭৩ জন সফরসঙ্গী নিয়ে ভারত এবং ৬ থেকে ৯ ফেব্রুয়ারি ৬৭ জন সফরসঙ্গী নিয়ে কুয়েত সফর করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ১৭ থেকে ২১ মার্চ ৮৯ জন সফরসঙ্গী নিয়ে চীন সফর করেছেন তিনি। ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি ২৭ থেকে ৩০ এপ্রিল ৫৭ জন সফরসঙ্গী নিয়ে ভুটান সফর করেন। গত ১৫ মে তিনি ৪৯ জন সফরসঙ্গী নিয়ে ছয় দিনের সফরে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় যান।বিদেশ সফরের ক্ষেত্রে অতীতের রাজনৈতিক সংস্কৃতিই অনুসরণ করছে বর্তমান সরকার। অন্য রাজনৈতিক সরকারগুলোর মতোই এ সরকারের সময়ও প্রয়োজনের চেয়ে অনেক বেশি লোক সফরসঙ্গী হচ্ছেন। এ ছাড়া রাষ্ট্রীয় এসব সফরে অন্তর্ভুক্ত হয়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।বিএনপি-জামায়াত জোট সরকার, বিগত তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের সফরসংক্রান্ত সরকারি তথ্য ঘেঁটে দেখা গেছে, বিএনপি ও আওয়ামী লীগ—দুই সরকারের আমলেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকা বড় হচ্ছে। দেশের প্রধান দুই দলের শাসনামলেই প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন। তবে এর পুরোপুরি ব্যতিক্রম ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে থাকা তত্ত্বাবধায়ক সরকার। এ সময় সরকারপ্রধান হিসেবে তিনি যেসব সফরে গেছেন, তাতে সংশ্লিষ্ট সফরের সঙ্গে যুক্ত লোকজনকেই সফরসঙ্গী করা হয়েছে। সে আমলে জোর দেওয়া হয়েছে খুব অল্পসংখ্যক লোককে সফরসঙ্গী করার বিষয়টিতে। এমনকি নিরাপত্তা দলের সদস্যসংখ্যাও সীমিত রাখা হয়েছে।অবশ্য ’৮২ থেকে ’৯০ সাল পর্যন্ত এরশাদের শাসনামলেও সফরসঙ্গীদের তালিকা ছিল দীর্ঘ। আওয়ামী লীগ ও বিএনপির মতো সাবেক স্বৈরশাসকের আমলেও রাষ্ট্রীয় সফরগুলোতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ছাড়া বিভিন্ন শ্রেণীতে লোকজনকে সফরসঙ্গীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।সরকারি তথ্যে দেখা গেছে, ক্ষমতার শেষ বছরে অর্থাৎ ২০০৬ সালে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ সফর করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ২০০৬ সালের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান সফর করেন। এ সময় মূল সফরসঙ্গী ছিলেন ৭৩ জন। ২০ থেকে ২২ মার্চ তিনি ভারত সফর করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ৮৮ জন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০০৮ সালের ২-৩ আগস্ট কলম্বো সফর করেন। এ সময় তাঁর সঙ্গে যান ২৮ জন। দ্বিপক্ষীয় সফরে ওই বছরের ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর তিনি ২৬ জন সফরসঙ্গী নিয়ে চীন সফর করেন। ২০০৭ সালের ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন ২২ জন। একই বছরের ১৬ থেকে ২৪ ডিসেম্বর তিনি সৌদি আরবে হজ পালন করতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ১৫ জন।