প্রধানমন্ত্রীর সফরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার হবে
প্রধানমন্ত্রীর রাশিয়া সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফল সফর ঢাকা ও মস্কোর মধ্যকার ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। খবর বাসসের।রাশিয়া সফরকালে ক্রেমলিনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে তিন চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া বাংলাদেশের দুঃসময়ের বন্ধু ছিল। এই সফর দুই দেশের বন্ধুত্ব নবায়ন ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। এ সময় তিনি বলেন, এসব চুক্তি ও সমঝোতা ঢাকা-মস্কোর মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে সহায়তা করবে। তাই এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে।এদিকে ক্রেমলিনে গত মঙ্গলবার ঢাকা ও মস্কোর মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে ও দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হয়েছে।বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক লেনদেন সম্পর্ক প্রসঙ্গে পুতিন বলেন, ‘এটি ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ও বর্তমানে তা ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আমরা লেনদেনের পরিমাণ এক বিলিয়ন ডলারে নিয়ে যেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’প্রধানমন্ত্রী ১৪-১৬ জানুয়ারি তিন দিনের এক সরকারি সফরে রাশিয়া যান। এ সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে দুই হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনসহ তিনটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রেও চুক্তি স্বাক্ষরিত হয়।