প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেয়েছেন মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকেই মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হতে পারে। তবে স্থানীয় আওয়ামী লীগে মহিউদ্দিনের বিরোধী বলে পরিচিত অংশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পৃথক দুটি চিঠিতে অন্য তিনজনের নাম প্রস্তাব করেছে। কিন্তু নির্বাচনে জয়লাভ করার মতো মহিউদ্দিনের চেয়ে ভালো কোনো বিকল্প প্রার্থী পাননি দলীয় নীতিনির্ধারকেরা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার আগে মহিউদ্দিনকে দলীয় প্রার্থী করার বিষয়ে সবুজ সংকেত দিয়ে গেছেন। সরকার ও দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় মহিউদ্দিন চৌধুরীকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে পদত্যাগ করার বিষয়ে আইনি ব্যাখ্যা চেয়ে স্থানীয় সরকারমন্ত্রীকে চিঠি দিয়েছেন মেয়র মহিউদ্দিন। চিঠিতে তিনি তাঁর দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা স্পষ্ট করার জন্য বলেছেন।মহিউদ্দিনই প্রার্থী, তবে শর্ত আছে: সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীকে ডেকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেন। আলোচনায় মহিউদ্দিন চৌধুরীকে তিনি মেয়র পদে মনোনয়ন দেওয়ার ব্যাপারে তাঁর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ওই মন্ত্রী মহিউদ্দিন চৌধুরীকে প্রধানমন্ত্রীর মনোভাব জানিয়ে দেন।সূত্র জানায়, প্রধানমন্ত্রী মেয়র প্রার্থী হিসেবে মহিউদ্দিন চৌধুরীকে সবুজ সংকেত দিলেও কিছু শর্ত ও পরামর্শ জুড়ে দিয়েছেন। তিনি মহিউদ্দিনকে একগুঁয়ে ও একক কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব পরিহার করতে বলেছেন। দলীয় নেতাদের সঙ্গে বিরোধ বা মনস্তাত্ত্বিক দূরত্ব নিরসনেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।জানতে চাইলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী দলীয় মেয়র প্রার্থী হিসেবে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সবুজ সংকেত দিয়েছেন। নির্বাচনে জয়লাভের জন্য তাঁকে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।সূত্র জানায়, ২০ মে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর দলীয় মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এর আগে তিনি চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠক করতে পারেন। সবার মতামত জেনে সমঝোতার ভিত্তিতেই মেয়র প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা গেছে।বিরোধীদের চিঠি: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একটি অংশ মহিউদ্দিন চৌধুরীকে বাদ দিয়ে মেয়র প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম বিএসসির পাঠানো চিঠিতে মেয়র প্রার্থী হিসেবে মাহতাবউদ্দিন চৌধুরী, রেজাউল করিম চৌধুরী এবং আ জ ম নাসিরের নাম প্রস্তাব করা হয়েছে। তিনি মহিউদ্দিন চৌধুরীকে মনোনয়ন না দিয়ে এই তিনজনের একজনকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন। চিঠির অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়।সাবেক ছাত্রনেতা আ জ ম নাসিরও প্রধানমন্ত্রীকে আলাদা চিঠি দিয়েছেন। তিনি নিজেই মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়ে মনোনয়ন চেয়েছেন।চট্টগ্রামের মেয়র প্রার্থী কবে ঘোষণা করা হবে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা নেত্রীর অপেক্ষায় আছি। তিনি দেশে ফিরলেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’সতর্ক করেছে ইসি: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সতর্ক করেছে ইসি। গত শনিবার রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাঁকে চিঠি দিয়ে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।গতকাল রোববার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বলেন, ‘মেয়র সাহেব গত শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরের একটি সেবাপ্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। আমরা স্থানীয় দৈনিকের মাধ্যমে এ সংবাদ পেয়েছি। তাঁকে নির্বাচনের আগে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছি।’তফসিল অনুযায়ী চট্টগ্রাম সিটিতে আগামী ১৭ জুন ভোট গ্রহণ হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ মে।জানা গেছে, মেয়র মহিউদ্দিন গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় সিটি করপোরেশন পরিচালিত নবনির্মিত মেমন মাতৃসদন ও শিশু হাসপাতাল ইউনিট-২-এর নামফলক উন্মোচন করেন। ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচনী আচরণবিধির ৬/১৫ ধারার বিধানমতে, নির্বাচনপূর্ব সময়ে সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলর বা অন্য কোনো পদাধিকারী সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন বা ইতিপূর্বে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করতে পারবেন না।’চিঠিতে আরও বলা হয়, বিধি লঙ্ঘন করলে তা অপরাধ বলে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।পদত্যাগের বিষয়ে আইনি ব্যাখ্যা চেয়ে মহিউদ্দিনের চিঠি: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পদত্যাগ ও তাঁর দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া কীভাবে হবে, তা স্পষ্ট করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে গতকাল চিঠি দেন মহিউদ্দিন চৌধুরী।নির্বাচন কমিশনের বিধিমালা অনুসারে প্রার্থী হলে ক্ষমতাসীন মেয়রকে পদত্যাগ করতে হয়। মেয়র মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আগের দুবার আমি পদে থেকেই নির্বাচন করেছি। এবার কমিশনের বিধান থাকলে অবশ্যই পদত্যাগ করব। কিন্তু এই পদত্যাগ এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া কী হবে, তা জানার জন্যই আমি ডিও লেটার দিয়েছি।’চিঠিতে বলা হয়, ‘মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমি আগামী ২০ মে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার আগে আমার পদত্যাগসংক্রান্ত বিষয়টি নিয়ে আইনের সুস্পষ্ট নির্দেশনা কিংবা মন্ত্রণালয়/নির্বাচন কমিশন হতে এ সংক্রান্ত কোনো গেজেট/সার্কুলার না পাওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।’ কমিশনের নতুন প্রজ্ঞাপনসংক্রান্ত অস্পষ্টতার কারণে তিনি তাঁর করণীয় বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না।তিনি পদত্যাগের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান।