প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ইলিয়াসের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ হওয়া নেতা ইলিয়াস আলীকে জীবিত ফেরত পেতে যেকোনো শর্ত মেনে নিতে প্রস্তুত তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করারও সুযোগ চেয়েছেন।গতকাল সোমবার রাজধানীর বনানীতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তাহসিনা রুশদীর এ কথা বলেন। এ সময় তাঁর দুই ছেলে ও মেয়ে পাশে ছিল।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যা ছয়টায় ইলিয়াস আলীর স্ত্রীকে সাক্ষাতের সময় দিয়েছেন। গতরাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তাহসিনা রুশদীর বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মিনতি করে বলছি, দয়া করে আপনার সঙ্গে দেখা করার জন্য একটু সময় ও সুযোগ দিন। যেকোনো মূল্যে ইলিয়াস আলীকে উদ্ধার করে দিন।’ তিনি বলেন, ইলিয়াস আলীকে ফেরত দিলে তিনি প্রধানমন্ত্রীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন। তাহসিনা রুশদীর বলেন, ‘সংবাদপত্রে বিভিন্ন ধরনের প্রতিবেদনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কথা জানছি। যদি কোনো শর্তও থাকে, তা আমাদের জানানো হোক। যেকোনো শর্তে আমরা তাঁকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। অর্থ, সম্পদ, ক্ষমতা কোনো কিছুই আমরা চাই না।’ইলিয়াস আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরকার আইনি ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করে তাঁর স্ত্রী বলেন, ‘তাতে আমাদের কারও কোনো আপত্তি নেই। যদি কোনো বিষয় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়ে থাকে, তাহলে অন্তত আমাদের জানানো হোক ইলিয়াস আলী জীবিত আছেন, তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। একজন নাগরিক হিসেবে অন্তত এটুকু দাবি করা কোনো অন্যায় চাওয়া নয়।’ তাহসিনা বলেন, গত ১৭ এপ্রিল রাতে বাসায় ফেরার পথে বনানীতে বাড়ির কাছাকাছি থেকে গাড়ি থামিয়ে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে জোর করে তুলে নেওয়া হয়েছে। কিন্তু কারা নিয়ে গেছে, তা তিনি জানেন না। তিনি বলেন, তাঁর পুরো পরিবার অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে বাস করছে। তাঁর মেয়েকে ভয়ে স্কুলে পাঠাতে পারছেন না।ইলিয়াসের স্ত্রী বলেন, ‘আমার স্বামী রাজনীতি করতেন, কিন্তু আমি ও আমার সন্তানেরা কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা কখনো রাজনীতি করতে চাইও না। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে স্বামীকে জীবিত ফিরে পেতে চাই। আমার সন্তানেরা তাদের বাবাকে ফেরত চায়। আমার বৃদ্ধ শাশুড়ি তাঁর সন্তানের পথ চেয়ে বসে আছেন।’ তিনি বলেন, ‘সন্তানেরা বারবার প্রশ্ন করে, আব্বু কোথায়, কখন আসবে। কোনো জবাব দিতে পারি না। আমার কোনো জবাব নেই।’ইলিয়াস আলীর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপতায় আশাবাদী কি না, এ প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর বলেন, ‘১৩-১৪ দিনের ফলাফল একই। তাহলে কীভাবে আমি আশাবাদী হব।’ তিনি জানান, সর্বশেষ তিন দিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছিলেন। তাঁরা বলেছেন, তাঁরা চেষ্টা করছেন, তদন্ত করছেন।