প্রধানমন্ত্রীর সান্নিধ্যে রুনা-রত্না
‘বাবা-মা নেই। সে অভাব তো আর ওদের ঘুচবে না। তবে বাবা-মা বেঁচে থাকলে যা করতেন, প্রধানমন্ত্রী রুনা-রত্নার জন্য যত দূর সম্ভব তার সব করারই উদ্যোগ নিচ্ছেন।’গতকাল সোমবার পরিবারের জীবিত সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন উম্মে ফারওয়া আক্তার রুনা ও সাকিনা আক্তার রত্নার চাচাতো ভাই আলমগীর।পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারানো দুই বোন রুনা ও রত্না এবং তাঁদের হবু বরদের পরিবারের সদস্যদের সঙ্গে গণভবনে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তাদের সান্ত্বনা দেন। একপর্যায়ে রুনা-রত্নাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে রুনা, রত্না, তাঁদের ভাই ফয়সাল, রত্নার হবু বর সুমন ও রুনা-রত্নার খালু কুদ্দুসকে এক লাখ টাকা করে দেন।আলমগীর জানান, তাঁরা তিন পরিবারের মোট ৩৭ জন গণভবনে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তিন ঘণ্টা তাঁদের সঙ্গে ছিলেন। রুনা ও রত্নার বিয়ের জন্য যা যা করা প্রয়োজন, তিনি সবকিছু করার আশ্বাস দিয়েছেন। বড় বোন রত্নার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী দু-এক দিন সময় নিয়েছেন। এইচএসসি পাস রত্নার বিয়ে আগেই ঠিক হয়েছিল। বর শাহেদুল ইসলাম সুমন। এম এ পাস করে নিমতলীতেই পুরোনো কাগজের ব্যবসা করেন।আলমগীর জানান, শিগগিরই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রত্নার বিয়ের অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী তাঁদের সব স্বজন-শুভানুধ্যায়ীকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াতও করেছেন। তবে বার্তা সংস্থা ইউএনবি জানায়, আগামীকাল গণভবনে রত্না-সুমনের বিয়ে হবে।ছোট বোন রুনা এসএসসি পাস করেছেন। বাবা না থাকায় মা দ্রুত মেয়ের বিয়ের উদ্যোগ নিয়েছেন। ৩ জুন ছিল রুনার বাগদানের অনুষ্ঠান। হবু বর সৈয়দ রাশেদ হোসেন জমিল কুয়েতে থাকেন। বাগদান শেষে সুমনের কুয়েত যাওয়ার কথা ছিল। পরে এসে বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু আগুন দুই পরিবারের ২১ জনকে কেড়ে নিয়েছে এক লহমায়। এ অবস্থায় জামিলের পরিবার ৪০ দিন পর (চেহলাম শেষে) বিয়ের অনুষ্ঠান করার আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রীকে।আলমগীর জানান, প্রধানমন্ত্রী সুমনের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। এই ঘোর বিষাদের মধ্যেও প্রধানমন্ত্রীর সান্ত্বনায় দুই বোন কিছুটা হলেও মানসিক শক্তি ফিরে পেয়েছেন।গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে রুনা-রত্নার সাক্ষাতের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দীন উপস্থিত ছিলেন।