প্রধানমন্ত্রীর হুমকিদাতা আটক, র‌্যাবের স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতাদের মুক্তি দেওয়া না হলে আরেকটি ১৫ আগস্ট ঘটিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা ওবায়দুল্লাহকে আটকের কথা স্বীকার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার রাজশাহীতে র‌্যাবের বিনোদপুর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল্লাহকে আটকের ঘোষণা দেওয়া হয়। তিনি রাজশাহী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি।এ সময় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে বাগমারা উপজেলার বাঙ্গালপাড়ায় তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে র‌্যাবের সদস্যরা তাঁকে আটক করেন।এদিকে বাগমারার বাঙ্গালপাড়া গ্রামের মোকসেদ আলী গত রোববার সন্ধ্যায় জানান, তাঁর বাড়িতে ওবায়দুল্লাহ ছিলেন। রোববার সন্ধ্যায় র‌্যাবের পাঁচজন সদস্য দুটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস নিয়ে এসে ওবায়দুল্লাহকে ধরে নিয়ে যান। জামায়াতের স্থানীয় নেতারাও সে সময় ওবায়দুল্লাহকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু গত রোববার রাতে র‌্যাব রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ বিন জায়েদের সঙ্গে কথা বললে তিনি এ ধরনের কোনো খবর নেই বলে জানান।গত ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে বিএনপির রোডমার্চে অংশ নেওয়ার আগে গোদাগাড়ীতে পথসভায় ওবায়দুল্লাহ যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন। তা না হলে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দেন। এ জন্য সারা দেশে তাঁদের নিজস্ব সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এ ঘটনায় ওই দিন রাতে গোদাগাড়ী মডেল থানায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সাত কার্যদিবসের মধ্যে পুলিশ ওবায়দুল্লাহসহ জামায়াতের ২১ নেতাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।ওবায়দুল্লাহর আটকের খবরটি তাঁর আত্মীয় ও জামায়াতের নেতাদের বরাত দিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত হয়।