প্রধানমন্ত্রীর ‘বক্তব্যে’ আস্থা নেই জামায়াতের
ধর্মভিত্তিক রাজনীতি থাকবে, সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলামও থাকবে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে আস্থা রাখতে পারছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী এখন এমন কথা বললেও পরে এই বক্তব্য অস্বীকার করবেন না, এমন নিশ্চয়তা নেই।আজ বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত এক মতবিনিময় সভায় দলের নেতারা এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক হওয়া জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ জামায়াতপন্থী বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে জামায়াত।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, প্রধানমন্ত্রী এখন বলছেন সংবিধানে বিসমিল্লাহ থাকবে, রাষ্ট্রধর্ম ইসলামও থাকবে। কিন্তু পরে যে তিনি এ কথা অস্বীকার করবেন না, তার কি কোনো নিশ্চয়তা আছে?জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘সরকার বলে বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে। আবার বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, বিসমিল্লাহ থাকবে। কিন্তু এগুলো তো বাহাত্তরের সংবিধানে ছিল না।’ মানবতাবিরোধী অপরাধের বিচারে দেশব্যাপী জনমত গঠনে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, এই বিচার করতে হলে জনমত গঠন করতে হবে কেন? তার মানে সব মেকি খেলা। এ খেলা আর চলবে না।এখন ঘরোয়া কর্মসূচি পালন করলেও জামায়াত শিগগির রাজপথে কর্মসূচি দেবে, ইঙ্গিত দিয়ে দলের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমরা কি সারা জীবন ঘরে বসে থাকব? রাস্তার মালিক আল্লাহ। আমরাও এক সময় রাস্তায় আসব।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সরকার বলে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যদি এটা ধর্মহীনতা না হয়, তাহলে এটা কায়েম করার দরকার কী।’সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাংসদ হামিদুর রহমান আযাদ দাবি করেন, সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপিত করা হলে, তা মেনে নেওয়া হবে না।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, মাদ্রাসা শিক্ষকনেতা ও জামায়াতের মজলিসে শুরার সদস্য মাওলানা যাইনুল আবেদিন, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী ও জামায়াতপন্থী বিভিন্ন মাদ্রসার শিক্ষকেরা অনুষ্ঠানে বক্তব্য দেন।