বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। আজ বুধবারও তাঁকে জেরা করা হবে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার প্রফুল্লকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। প্রফুল্ল কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ নূতন চন্দ্র সিংহের ছোট ছেলে।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে আহসানুল হক সাক্ষীর কাছে জানতে চান, নূতন চন্দ্র সিংহ কোথায় লেখাপড়া করেছেন? জবাবে প্রফুল্ল বলেন, তাঁর বাবা চট্টগ্রামের জগৎপুর আশ্রম অনাথালয়ে নিম্ন প্রাথমিক পর্যন্ত লেখাপড়া করেন। তাঁর তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। আশ্রমটি কোথায়—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি রাঙ্গুনিয়ার সীমানায় তাপবিদ্যুৎকেন্দ্রের বিপরীতে অবস্থিত, তবে ওই সময় সেখানে তাপবিদ্যুৎকেন্দ্র ছিল না। নূতন চন্দ্র দুই বছর বয়সে মা ও আট বছর বয়সে বাবাকে হারান। একাত্তরে কুণ্ডেশ্বরীতে কোনো আয়ুর্বেদিক কলেজ ছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি ‘না’ সূচক জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরে তাঁর বাবা আয়ুর্বেদ সম্পর্কে জানতেন।একপর্যায়ে আইনজীবী জানতে চান, চট্টগ্রামের রাজগড়িয়া পরিবারের সদস্যদের সাক্ষী চেনেন কি না? জবাবে সাক্ষী বলেন, চিনতেন। ইউনাইটেড কেমিকেলসের মালিক নিরঞ্জন দে (মৃত), নেলী সেনগুপ্তা, অধ্যাপক যোগেশ সিংহকে চেনেন কি না—এ প্রশ্নের জবাবে সাক্ষী ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। মুক্তিযুদ্ধকালে তাঁরা সবাই গুডস হিলে (সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি) আশ্রয় নিয়েছিলেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাঁর জানা নেই।জেরায় প্রফুল্ল বলেন, তাঁদের ও সাকা চৌধুরীর ভোটকেন্দ্র একই, গহিরা স্কুল। গহিরার অনেক লোক নূতন চন্দ্র হত্যাকাণ্ডের বিষয়টি জানেন। সাকা চৌধুরী ওই ভোটকেন্দ্রে কোনো দিন হারেননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরে এইচ টি ইমামের সঙ্গে তাঁর রামগড়ের সাবরুমে দেখা হয়নি, আগরতলায় দেখা হয়েছিল। ওই সময় তাঁকে নূতন চন্দ্র হত্যাকাণ্ডের বিষয়টি বলা হয়নি, তিনি আগেই জানতেন।আহসানুল হক বলেন, বঙ্গবন্ধু কুণ্ডেশ্বরীতে গিয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়কে সান্ত্বনা দিতে—এ কথা সাক্ষী তদন্তকারী কর্মকর্তাকে বলেননি। প্রফুল্ল বলেন, তিনি বলেছেন কি বলেননি এটা তাঁর মনে নেই। আহসানুল বলেন, নির্বাচনের আগে বঙ্গবন্ধু কুণ্ডেশ্বরীতে যাননি। প্রফুল্ল বলেন, এটা সত্য নয়। তবে হয়তো এ বিষয়টি স্মৃতিদীপ-এ (নূতন চন্দ্র স্মরণে স্মারকগ্রন্থ) লেখা হয়নি।এদিকে এজলাসে সাকা চৌধুরীকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আহসানুল হককে গতকাল ট্রাইব্যুনাল বলেন, আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আইনজীবীদের বিভিন্ন কথা বলেছেন। কিন্তু হেফাজতে থাকা আসামির কিছু বলা উচিত নয়। আহসানুল ট্রাইব্যুনালের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার জেরা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকালও জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজও তাঁকে জেরা করা হবে। অসুস্থতার কারণে সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।