প্রবল বর্ষণে উপকূলে জনজীবন বিপর্যস্ত, ৩ নম্বর সংকেত বহাল
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বরগুনাসহ উপকূলীয় এলাকায় আজ মঙ্গলবারও প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। এতে ওই সব এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।নদ-নদীতে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বরগুনা সদর, আমতলী ও কলাপাড়ার প্রায় ৪০টি গ্রামের বাসিন্দা চার দিন ধরে পানিবন্দী।জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ আহাম্মদ আজ সকালে জানিয়েছেন, লঘুচাপের কারণে মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। সাগর উত্তাল থাকায় সমুদ্রগামী জেলেদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, সাগর উত্তাল থাকায় বেশির ভাগ ট্রলার বরগুনা, পাথরঘাটা, তালতলী, কলাপাড়া, মহিপুরসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদে আশ্রয় নিয়েছে।আজ সকালে বরগুনার আমতলী উপজেলার চাউলাপাড়া, বাদুরগাছা, কচুপাত্রা, হুলাটানা ও বলইগাছিয়া গ্রাম ঘুরে দেখা গেছে, এসব গ্রামে প্রায় ১৫ হাজার পরিবার গত কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে আছে।