প্রবল বর্ষণে নৌকাবাইচ স্থগিত
দীর্ঘদিন ধরে গতকালকের জন্য আগ্রহ ও কৌতূহল নিয়ে সবুর করে ছিল ঢাকাবাসী। কথা ছিল সুবাদার ইসলাম খান চিশতির ঢাকা আগমন উপলক্ষে দিনটিতে নৌকাবাইচ হবে। তার কারণ ছিল নানাবিধ। গত চৈত্রসংক্রান্তিতে সাড়ম্বরে চড়কপূজা হয়েছিল বটে, কিন্তু সে উপলক্ষে এ দোলাই নদীর মোহনায় ঐতিহ্যবাহী নৌকাবাইচটি করা হয়নি। ইসলাম খান আসছেন, এই খবর পেয়ে সবাই সাব্যস্ত করেছিলেন দুই-আড়াই মাস পরে তিনি ঢাকা এলে তাঁর সম্মানে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। কিন্তু একটানা বর্ষণের কারণে নৌকাবাইচ স্থগিত করা হয়েছে।দোলাই নদীর মোহনায় ঢাকা কেল্লাসংলগ্ন ঘাটগুলোয় দূর-দূরান্ত থেকে নৌকাবাইচে অংশ নিতে আসা দলগুলির মধ্যে হতাশা নেমে আসে এই খবরে। মোগল সুবাদারের আগমন উপলক্ষে সবাই আশা করেছিলেন এবারের নৌকাবাইচ হবে অন্যান্য বছরের চেয়ে অনেক গুণে রংদার। অনেক এলাকায় চাঁদা তুলে নতুন নৌকা বানানো হয়েছে। দোলাই নদীতে গিয়ে দেখা যায়, সাত-আটটি সাজানো ছিপ নৌকা। নৌকাগুলিতে ঢাকঢোলসমেত হতাশ হয়ে বসে ছিলেন কিছু কিছু প্রতিযোগী। মঠবাড়ির একটি দল এবারই প্রথম বাইচে অংশ নিতে এসেছিল। বাইচ উপলক্ষে নতুন ছিপ নৌকা বানিয়েছিল তারা। ভাওয়াল থেকে চারজন দক্ষ মাঝিও তারা ভাড়া করে এনেছিল বাইচের জন্য। এখন বাইচ পণ্ড হয়ে যাওয়ায় পুরোটাই খরচের খাতায় চলে গেল। ভাড়ায় আনা মাঝিদের চুক্তি অনুযায়ী পুরো টাকাই পরিশোধ করতে হয়েছে এই দুই গ্রামের দলকে।বুড়িগঙ্গার ওপারের গ্রাম আইন্তা থেকে আসা নৌকাবাইচ দলের দলনেতা কালু মিঞা জানান, সারা বছর ধরে তাঁরা এই নৌকাবাইচের জন্য প্রস্তুতি নিয়েছেন। আত্মীয়স্বজনসহ গ্রামের অনেক লোক পরিবার-পরিজন নিয়ে এসেছিল বাইচ দেখতে। এখন সকলেই খুব মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে নৌকাবাইচ স্থগিত হলেও আয়োজকেরা জানিয়েছেন, নৌকাবাইচ একেবারে পণ্ড হয়ে যায়নি। বর্ষণ কমে এলে ঘটা করে এই বাইচের আয়োজন করা হবে। আয়োজকদের একটি প্রতিনিধিদল নতুন প্রশাসনের সঙ্গে কথা বলে এসেছেন। জানা গেছে, নৌকাবাইচের এই নিদারুণ পরিণতির খবর পেয়ে সুবাদার স্বয়ং ব্যথিত বোধ করছেন। তিনি বলেছেন, নৌকাবাইচের নতুন সময় ধার্য করা হলে, তিনি তা অবলোকন করতে চান। শাহি বজরা চাঁদনী ও ফতেহ্ দরিয়ায় বসে সুবাদার সপরিবারে নৌকাবাইচ দেখবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।এই খবরে আয়োজকদের মনে খানিকটা স্বস্তি নেমে এলেও নৌকাবাইচ উপলক্ষে দুই পয়সা রোজগারের আশায় যাঁরা নদীতীরে পসরা নিয়ে বসেছিলেন, তাঁদের হতাশা কাটেনি। এই একটা দিনে বড় একটা উপার্জনের প্রত্যাশা নিয়ে এসেছিলেন অনেকেই। এখন শূন্য হাতে তাঁদের ফিরে যেতে হচ্ছে।