প্রবল স্রোত আর ফেরি সংকটে পাটুরিয়া-দৌলতদিয়ায় তীব্র যানজট
পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোত আর ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজ শুক্রবার যানবাহন পারাপারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট গাড়ি। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।বিআইডব্লিউটিসির আরিচা ও দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে যানজটের তীব্রতা বাড়তে থাকে। আজ ভোরের দিকে যানবাহনের লম্বা লাইন ঢাকা-আরিচা ও দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আটকে পড়া যানবাহনের সংখ্যা বেড়ে গিয়ে যানজট পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে।১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় ঘাটে এক হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক বাস এবং কয়েক শ ছোট গাড়ি আটকা পড়েছে।বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্যাহ খান জানান, আরিচা ফেরি সেক্টরে (পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে) পাঁচটি বড় ফেরিসহ ছয়টি ফেরি চলাচল করছে। এ কারণে যানবাহন পারাপারের সংখ্যা কমে যাওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর আবার পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগায় এ সমস্যা আরও বেড়ে গেছে।