প্রবহমান খাল কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত!
বরগুনার আমতলী উপজেলার বড়বগী (তালতলী) ও পার্শ্ববর্তী কড়ইবাড়িয়া ইউনিয়নের ১৪টি প্রাকৃতিক খালের একটি অংশ কৃষিজমি দেখিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় কার্যালয়ের ভূমি কর্মকর্তারা তা বন্দোবস্ত দেন বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা খালগুলোয় বাঁধ দিয়ে মাছের চাষ করায় স্থানীয় সেচব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।অভিযোগ রয়েছে, তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তারা (তহশিলদার) ভূমিহীনদের মধ্যে এসব খাল বরাদ্দ দেন। এসব খাল বরাদ্দ পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা খালগুলোর গতি পরিবর্তন করে সেগুলোকে কৃষিজমিতে রূপান্তরের চেষ্টা চালাচ্ছেন।উপজেলার বড়বগী ও পার্শ্ববর্তী কড়ইবাড়িয়া ইউনিয়নের ভাইজোড়া, আগুনমুখা, আইফের খাল, মালীপাড়া, শিকারিপাড়ার খাল, কাজির খাল, নিদ্রা খাল, নয়াপাড়া খাল, আমখোলা, সরদারিরা খাল, খাজুরা খাল, কালিয়ার খাল, সিংড়াবুনিয়া, বেতীপাড়া খালের একটি অংশকে কৃষিজমি দেখিয়ে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।সরকারি খাসজমি বন্দোবস্ত নীতিমালায় ‘চাষাবাদ ছাড়া আর কোনো উদ্দেশ্যে বন্দোবস্তকৃত জমি ব্যবহার করিতে পারিব না, তবে আমাদের নিজস্ব বসতবাটি না থাকিলে সহকারী কমিশনারের (ভূমি) লিখিত অনুমতি লইয়া প্রাপ্ত জমির এক প্রান্তে সর্বাধিক আট শতাংশ জমি বসতবাটি হিসেবে ব্যবহার করিতে পারিব’ এমন শর্তের উল্লেখ রয়েছে।ওই শর্ত মেনেই বরগুনার আমতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের হালিম হাওলাদার ও তাঁর স্ত্রী পিয়ারা বেগম যৌথ নামে ভূমিহীন হিসেবে এক একর কৃষিজমি চিরস্থায়ী বন্দোবস্ত (৯৯ বছর) পান ১৯৯৯ সালে। বন্দোবস্তের দলিলে কৃষিজমি উল্লেখ থাকলেও বাস্তবে তা প্রবহমান প্রাকৃতিক খাল। এই খালটি স্থানীয়ভাবে ভাইজোড়া খাল নামে পরিচিত।হালিম হাওলাদার বলেন, ‘১৯৯৯ সালের ১৩ মার্চ থেকে ২০৯৮ সালের ১০ মার্চ পর্যন্ত ৯৯ বছরের জন্য ভাইজোড়া খালের এক একর জমি আমাকে বন্দোবস্ত দেন আমতলী উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি)। খালটি আমি মাছ চাষের জন্য এক হাজার ২০০ টাকায় এক বছরের জন্য অন্য একজনকে ইজারা দিয়েছি।’ বর্তমানে খালের দৈর্ঘ্যে ৭০ হাত এবং প্রস্থে ১৫ হাত বরাবর বাঁধ দিয়ে মাছের চাষ করা হচ্ছে।হালিমের মতোই তাঁর প্রতিবেশী ভূমিহীন নুরুল হক ও তাঁর স্ত্রী রহিমা বিবি ভাইজোড়া খালের আরেকটি অংশে অনুরূপভাবে এক একর খাসজমি বন্দোবস্ত পেয়েছেন। তাঁরাও খালের জায়গাটি মাছ চাষের জন্য অন্যের কাছে বর্গা দিয়েছেন।বরগুনার তালতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক ও তাঁর মামা কাইয়ুম হোসেন যৌথভাবে বড়বগী ইউনিয়নের আগুনমুখা খালের একটি অংশ চিংড়ি চাষ করতে ১৯৯১ সালে পাঁচ বছরের জন্য অস্থায়ী বন্দোবস্ত নেন। সেখানে বাঁধ দিয়ে তারা পাঁচ বছর মাছের চাষ করেন। ১৯৯৭ সালে সেই আগুনমুখা খালটির বাঁধ দেওয়া অংশ ভূমিহীন হিসেবে স্থানীয় খালেক খাঁ, নুরজাহান বেগম, নুর উদ্দিনসহ আটজনকে জনপ্রতি এক একর করে কৃষিজমি হিসেবে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে। সেই খাল কৃষিজমি দেখিয়ে ব্যাংক থেকে ঋণও নিয়েছেন বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা।উপজেলার তালতলী থানার বড়বগী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা খে খেন বলেন, এসএ জরিপ অনুযায়ী ইউনিয়নে মোট এক হাজার ৪০৪ দশমিক ১১ একর খাল রয়েছে। কিন্তু বিগত সময়ে এর এক-তৃতীয়াংশ কৃষি খাসজমি দেখিয়ে ভূমিহীনদের মাঝে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে, যা আইনসিদ্ধ নয়।খে খেন আরও বলেন, পলি পড়ে বা প্রাকৃতিক কারণে খাল ভরাট হয়ে গেলে তা বরাদ্দ দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সেটেলমেন্ট অফিস প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। কিন্তু প্রবহমান খালের অংশবিশেষ বন্দোবস্তের সুযোগ নেই।উল্লেখ্য, বড়বগী, কড়ইবাড়িয়াসহ তিনটি ইউনিয়নের ভূমিসংক্রান্ত কাজ বড়বগী ভূমি কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়।বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল ফরাজী বলেন, ‘বন্দোবস্ত দেওয়া অধিকাংশ খালে বাঁধ দিয়ে মাছের চাষ করা হচ্ছে। এতে কৃষকেরা পানির অভাবে চাষাবাদ করতে পারছেন না। শুধু বড়বগী ইউনিয়নের ১২ হাজার হেক্টর জমির ৮০ শতাংশ সেচের অভাবে বোরো মৌসুমে পতিত অবস্থায় বছরের পর বছর পড়ে থাকছে। পুরো বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কাজ হচ্ছে না।’তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক হাওলাদার জানান, কড়ইবাড়িয়া ইউনিয়নের কচুপাত্রা মৌজার শাকিরখালী গ্রামের রফিক শিকদার ও আবদুল ওহাবকে ২০০০-০১ সালে স্থানীয় ‘সিংড়াবুনিয়া’ খালের একই জমি বরাদ্দ দেওয়া হয়। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৭ জুলাই তালতলী থানায় বসে তা মীমাংসা করা হয়েছে। এ ধরনের বিরোধ প্রায়ই তাঁদের নিষ্পত্তি করতে হয় বলে জানান ওসি।প্রবহমান খালের অংশবিশেষ কথিত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার বিষয়টি স্বীকার করে আমতলী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বলেন, ‘এগুলো যখন বন্দোবস্ত দেওয়া হয়, তখন আমি এখানে ছিলাম না। তবে এসব জনসম্পত্তি এভাবে বন্দোবস্ত দেওয়া যথাযথ হয়নি। এগুলো বন্দোবস্ত দেওয়ার আগে অবশ্যই সরেজমিন যাচাই করে এলাকার জনপ্রতিনিধিদের মতামত নিয়ে বন্দোবস্ত দেওয়া উচিত ছিল। অভিযোগ পেলে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেব।’অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল আলীম বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখব। প্রবহমান খাল কৃষিজমি দেখিয়ে যদি তা ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয়, তবে তা বাতিল করা হবে।’ জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।