প্রবাদ যেখানে অপবাদ
সিলেট বিভাগের মধ্যে প্রবাসী বেশি জগন্নাথপুর উপজেলায়। সদর থেকে জেলা শহর সুনামগঞ্জ ও বিভাগীয় শহর সিলেটের যোগাযোগব্যবস্থা নাজুক। প্রবাসী হওয়ার কারণে ‘বর্ষায় নাও, হেমন্তে পাও’ এ প্রবাদ যেন এখানে অপবাদের মতো শোনায়। তবু উপজেলার তিন ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের বাসিন্দা এ অবস্থায় আছে। উপজেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত না হওয়ায় একমাত্র অবলম্বন এখনো বর্ষাকালে নৌকা এবং হেমন্তে পায়ে হাঁটা। যোগাযোগের ক্ষেত্রে গাড়ি কিংবা রিকশা চলাচলের আক্ষেপ করে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক প্রমোতেশ দাস তালুকদার বলেন, ‘দেশ স্বাধীনের পর আমাদের আশা ছিল রাস্তাঘাট হবে। কিন্তু আমাদের এ আশা আশাই রয়ে গেছে। আজ অবধি গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে কেউ কোনো অবদান রাখেননি। মেঘারকান্দি গ্রামের মতো এ ইউনিয়নের হিলালপুর, রৌয়াইল, হরিণাকান্দি, জয়নগর, বাগময়না, নোয়াগাঁও ও হালিমপুর গ্রামের একই অবস্থা। আরও করুণ অবস্থা বিরাজ করছে পাইলগাঁও ও হলদিপুর ইউনিয়নের বেতাউকা, সালদিগাসহ অর্ধশতাধিক গ্রামের। ক্ষোভ প্রকাশ করে বিয়ানীবাজার কলেজের অধ্যাপক হিলালপুর গ্রামের প্রতাপ চৌধুরী বলেন, ‘আমাদের জন্য লজ্জার বিষয় যে সিলেট থেকে ঢাকা যেতে যেখানে সময় লাগে তিন থেকে চার ঘণ্টা, সেখানে মাত্র আট কিলোমিটার দূর গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরে আসতে সময় লাগে ছয় ঘণ্টা। গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে আমাদের রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে কোনো কাজ করেন না। তাঁরা ভোটের সময় এলে রাস্তাঘাটকে ইস্যু তৈরি করেন। তিনি বলেন, বঞ্চিত গ্রামবাসী এখন সজাগ। তাই গ্রামাঞ্চলের যোগাযোগবঞ্চিত মানুষ এবার ভোটের আগে রাস্তাঘাটের উন্নয়নের নিশ্চয়তা চান।’