দূতাবাসের কর্মকর্তাদের প্রসঙ্গে মন্ত্রী
প্রবাসী কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা টিস্যু দিয়ে মোছেন
প্রবাসে কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। দূতাবাসে কোনো সমস্যা নিয়ে গেলে যেন কর্মকর্তারা সেই সমস্যার সমাধান করেন, সে ব্যাপারে নির্দেশনা দেন মন্ত্রী।বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশের দূতাবাসে কর্মরত শ্রম-কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। আজ বুধবার দুপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক হজরত আলীসহ বিভিন্ন মিশনে কর্মরত ২০ জন শ্রম-কর্মকর্তা এ বৈঠকে অংশ নেন।বৈঠকে মন্ত্রী বলেন, ‘বিদেশের বাংলাদেশি কর্মীরা দেশের সোনার সন্তান। তাঁরা বৈদেশিক অর্থপ্রবাহ (রেমিট্যান্স) পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখেন। কিন্তু দূতাবাসের অনেক কর্মকর্তাই এই কর্মীদের সঙ্গে বাধ্য হয়ে হাত মিলিয়ে টিস্যু দিয়ে নাকি আবার হাত মোছেন। এমন কর্মকর্তার আমার দরকার নেই।’দূতাবাস ও মিশনের শ্রম-কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শুধু শ্রমিকদের কাগজপত্রে স্বাক্ষর করাই আপনাদের দায়িত্ব নয়। শ্রমিকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ ও তাঁদের সুবিধা-অসুবিধা জেনে সহযোগিতা করাও তাঁদের কর্তব্য।’মন্ত্রী বলেন, ‘বিদেশে শুধু বাংলাদেশি পতাকাসহ গাড়ি চড়ে বেড়ালে হবে না। আমাদের শ্রমবাজার আরও সম্প্রসারণ করার চিন্তা করতে হবে। বিদেশি কোনো প্রতিষ্ঠান দেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠালে তা যাচাই-বাছাই করতে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে হবে।’ কাজ নিয়ে বিদেশে যাওয়ার পর কেউ যাতে প্রতারিত না হন, তা নিশ্চিতে করণীয় নির্ধারণের জন্যও শ্রম-কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।বিদেশে কোনো ঘটনা ঘটলে দূতাবাস কর্মকর্তারা তথ্য পেতে গণমাধ্যমকে সহযোগিতা করেন না—এমন অভিযোগ প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, সরকার তথ্য অধিকার আইন করেছে। সঠিক তথ্য দিলে গণমাধ্যমে সঠিক সংবাদ পরিবেশিত হবে।মন্ত্রী বলেন, শ্রমিকদের সব সমস্যা এক দিনে সমাধান করা সম্ভব নয়। তবে ‘গুরুত্বপূর্ণ ইস্যুতে’ মিশনের কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। মিশনের জনবল-সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কাজ করে যেতে হবে।