‘কবে বৈধতা দেওয়া হবে?’ ‘এ ব্যাপারে কিছু জানেন?’ সাংবাদিক শুনে মালয়েশিয়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জিজ্ঞাসা। ১১ মাস ধরে মালয়েশীয় সরকার বাংলাদেশি শ্রমিকদের ভিসা নবায়ন না করায় ‘অবৈধ’ হয়ে পড়েছেন প্রায় চার লাখ প্রবাসী। তাঁদের সবার দুশ্চিন্তা ভিসা নবায়ন নিয়ে। এ-সংক্রান্ত ঘোষণা শুনতে তাঁরা উদ্গ্রীব হয়ে আছেন।কারণ হিসেবে বাংলাদেশিরা জানালেন, ভিসা নবায়ন না হলে যেকোনো সময় পুলিশ ধরবে, বন্ধ হয়ে থাকবে দেশে ফেরার পথ। এতে তাঁরা যে টাকা খরচ করে এখানে এসেছেন, তা-ও তুলতে পারবেন না।অন্য দিকে এসব বাংলাদেশির অনিশ্চিত ভাগ্য নিয়ে মোটেও চিন্তিত নন জনশক্তি রপ্তানিকারক বা দালালেরা। তবে প্রশ্ন আছে তাঁদেরও। তাঁদের প্রশ্ন, ‘মালয়েশিয়ার ভিসা আবার কবে চালু হবে?’ কারণ আবার ভিসা চালু হলে এই স্বল্পসংখ্যক দালাল আবার মানুষকে স্বপ্ন দেখিয়ে এখানে আনতে পারবেন। নানা বেড়াজাল ও দুঃখের প্রবাসজীবনে আরও বাংলাদেশিদের ফেলতে পারবেন।ইতিমধ্যে ‘অবৈধ’ হয়ে পড়া বাংলাদেশিরা জানান, অন্য বাংলাদেশি শ্রমিকেরাও তাঁদের মতোই আতঙ্কে আছেন। কারণ কয়েক মাসের মধ্যে তাঁদের ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে।মালয়েশিয়ার ক্লাং জেলার কাপাং এলাকায় বসবাসরত ফরিদপুরের আতাউর রহমান, কুমিল্লার মুস্তাফিজুর রহমান, ঝিনাইদহের জামালউদ্দিনসহ অন্যরা প্রশ্ন করলেন, ‘তাঁদের বৈধতার বিষয়ে হাইকমিশন কি কিছু করছে?’ তাঁদের অনুরোধ, তাঁদের মতো পুরোনোদের বৈধ না করে বাংলাদেশ সরকার যেন নতুন বাজার খোলার উদ্যোগ না নেয়। কারণ, এতে নতুনেরা একসময় একই সমস্যায় পড়বেন।সেখানে একটি আসবাবের দোকানে কর্মরত আজিজুর রহমান বলেন, ‘দুই লাখ ২০ হাজার টাকা খরচ করে ২০০৮ সালে এসেছি। শুরুতে কাজ পাইনি। কাজ করে এ পর্যন্ত খরচ হওয়া টাকার দেড় লাখ টাকা তুলেছি। পারমিট (ভিসা নবায়ন) না দিলে বাকি টাকা তুলতে পারব না। লাখ লাখ বাংলাদেশিরই এই অবস্থা। তাই এ সমস্যার দ্রুত সমাধান দরকার।’মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় কাজ করা শরীয়তপুরের নড়িয়ার মোশতাক আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মালয়েশিয়ায় কাজ করতে এসে আমার জীবন শেষ হয়ে গেছে। আমার আর টাকার দরকার নেই। আমি দেশে ফিরতে চাই, মা-বাবার কাছে ফিরতে চাই।’কুয়ালালামপুরের কোতারিয়া এলাকার অধিকাংশ দোকান ও রেস্তোরাঁ চালান বাংলাদেশিরা। তাই বাংলাদেশ মার্কেট হিসেবে পরিচিতি পাওয়া এই এলাকা একসময় দিন-রাত মুখরিত থাকত বাংলাদেশিদের পদচারণে। কিন্তু এখন সন্ধ্যার পর প্রায় জনশূন্য হয়ে যায় এলাকাটি। কারণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশিরা পুলিশ-আতঙ্কে কোনো রকমে খেয়েই চলে যান। গল্পগুজব তেমন করেন না।ক্রেতাদের এমন সমস্যায় দুশ্চিন্তায় আছেন কোতারিয়ার বিভিন্ন দোকান-রেস্তোরাঁর বাংলাদেশি মালিক ও কর্মীরা। একটি রেস্তোরাঁর মালিক কাজী সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় আসা চার লাখ বাংলাদেশিকে নতুন করে ভিসা দেওয়া হচ্ছে না। তাঁদের মধ্যে অনেকে এখনো আসার জন্য খরচ করা টাকা তুলতে পারেননি। বৈধতা না পেলে তাঁরা সর্বস্বান্ত হয়ে যাবেন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে আরও উদ্যোগী হতে হবে।’এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হওয়ার আশায় এখানে অবস্থানরত বাংলাদেশি দালালেরা বিভিন্ন স্থানে অফিস নিচ্ছেন। এ-সংক্রান্ত খবর জানার জন্য তাঁরা দিনে বসে থাকেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের আশপাশে। কোতারিয়ায় বিভিন্ন রেস্তোরাঁয় আড্ডায় তাঁদের আলাপের বিষয়বস্তুও থাকে শ্রমবাজার। প্রসঙ্গত, ২০০৯ সালের মার্চ থেকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে।প্রবাসী এক বাংলাদেশির সহায়তায় কোতারিয়ায় কথা হয় এক দালালের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দালাল প্রথম আলোকে বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর আশায় দেশে ও এখানে অনেকে টাকা নিয়ে বসে আছেন, অফিস নিচ্ছেন। ক্ষমতাশালীরা হাইকমিশনের মাধ্যমে খোঁজখবর রাখছেন। বিশেষ করে, আওয়ামী লীগের কর্মী বলে পরিচিত দালালেরা এখন খুব তৎপর।’বাংলাদেশ সরকারের সূত্র ও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন বলছে, মালয়েশিয়ার বাজার আবার চালুর ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে বাজার চালু হলে দালালদের কোনো ভূমিকা থাকবে না। এবার সরকারিভাবেই লোক আনা হবে। বিষয়টি জানানো হলে ওই দালাল বলেন, ‘সরকার প্রতিবারই এসব কথা বলে। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখতে পারবে না। কারণ আমরা (দালাল) সবাইকে ম্যানেজ করে ফেলব।’এসব বিষয় জানতে যেতে হয় বাংলাদেশ হাইকমিশনে। হাইকমিশনের কয়েকজন কর্মকর্তাও বললেন, সাধারণ শ্রমিকেরা সচরাচর এখানকার কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করার সুযোগ না পেলেও দালালেরা কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির নেতা-কর্মী পরিচয়ে কর্মকর্তাদের কক্ষে যান। বৈঠক করেন। শ্রমবাজার খোলার ঘোষণা হলেই দালালেরা লোকজনের কাছ থেকে টাকা নেওয়া শুরু করবেন। এ জন্য তাঁরা নানাভাবে নানাজনের মাধ্যমে বাজার খোলার বিষয়ে খবর জানতে চাইছেন।হাইকমশিন সূত্র জানায়, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন চলতি (ডিসেম্বর) মাসে মালয়েশিয়া সফর করেছেন। এ সময় তাঁর সঙ্গে বৈঠকে এখানকার জনশক্তি রপ্তানিকারকেরা অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো কথা বলেননি। তাঁরা তাঁকে আবার বাজার চালুর উদ্যোগ নিতে বলেছেন।প্রবাসী কর্মীদের বৈধতা বা আবার বাজার চালু—কোনটি বেশি গুরুত্ব পাচ্ছে, জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুটি আলাদা বিষয়। একটির সঙ্গে আরেকটির সম্পর্ক নেই। যাঁরা অবৈধ হয়ে গেছেন, তাঁদের বৈধতার ব্যাপারে কূটনৈতিক সব ধরনের তৎপরতা চলছে। খুব শিগগিরই সেটি হয়ে যাবে। তবে বাজার চালুর ব্যাপারে এখনই কিছু বলতে চাই না। সময় হলেই বোঝা যাবে।’হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মাসুদুল হাসান বলেন, এখন প্রতি সপ্তাহে চার হাজার অবৈধ শ্রমিককে বৈধ করছে মালয়েশিয়া। শিগগিরই ‘অবৈধ’ সমস্যার সমাধান হয়ে যাবে।হাইকমিশন থেকে বের হওয়ার পর বাইরে অপেক্ষমাণ কয়েকজন বাংলাদেশি জানতে চান, বৈধতার বিষয়ে কিছু জানতে পারলেন? জবাবে খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে জানালে তাঁরা বললেন, এক বছর ধরে এমন শুনছেন।কাছেই থাকা কয়েকজন দালাল জানতে চান, বাজার কবে খুলছে? খুলবে না জানালে তাঁরা জোরালোভাবে বলেন, ‘আপনি তো কিছুই জানেন না। সব ম্যানেজ। বাজার খুলছে।’ তাঁদের এই কথায় শঙ্কা জাগে। কলিংয়ের নামে ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত যা হয়েছে, আবারও কি সে পথে যাবে বাংলাদেশ? আবারও কি স্বপ্ন নিয়ে এসে বাংলাদেশি শ্রমিকদের সেতুর নিচে ঘুমাতে হবে? না খেয়ে থাকতে হবে দিনের পর দিন? সময় হলেই হয়তো মিলবে এসব প্রশ্নের জবাব।