প্রবাসী তিন ভাই দেশে এলেই এলাকার মানুষের মাঝে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজ-উল আলম, খোরশেদুল আলম আর মোরশেদুল আলম তিন ভাই। থাকেন দূর প্রবাসে। মাঝে-মধ্যে দেশে আসেন। সঙ্গে নিয়ে আসেন এলাকার সাধারণ মানুষের জন্য নানা উপহার। এক মাস আগে বাড়িতে এসেছেন ফিরোজ-উল আলম। সঙ্গে নিয়ে এসেছিলেন শাড়ি-লুঙ্গিসহ নানা উপহার। গ্রামে এসে দেখেন শীতে কাতর সাধারণ মানুষকে। তাই তাদের কথা চিন্তা করে হাতে তুলে দিয়েছেন কম্বল। ৮ জানুয়ারি বিকালে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত মানুষের হাতে তুলে দেওয়া হয় এই কম্বল। ফিরোজ-উল আলম, খোরশেদুল আলম আর মোরশেদুল আলম ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত সামছুল আলমের পুত্র। তিন ভাই ইতিমধ্যে তাঁদের বাবা সামছুল আলমের নামে ফাউন্ডেশন গঠন করেছেন। যে ফাউন্ডেশন থেকে ৩০ জন হতদরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।তাঁদের আরেক ভাই ওহিদুল আলম জানান, ১৯৮৮ সালে প্রথম ফিরোজ-উল আলম রাশিয়ায় যান। অর্থ উপার্জনের জন্য সেখানে কাজ নেন। এরপর অন্য দুই ভাইকে নিয়ে যান রাশিয়ায়। সেই থেকে তিন ভাই এলাকায় এলে সাধারণ মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করেন। এবার শীতে মানুষের কষ্ট দেখে তিন শতাধিক কম্বল বিতরণ করেছেন।ফিরোজ-উল আলম বলেন, ‘এলাকায় আসার পর সাধারণ মানুষের নানা কষ্ট দেখলে খুব খারাপ লাগে। তাই চেষ্টা করি কিছু একটা করার। নিজের উপার্জিত অর্থ একা ভোগ করার চেয়ে সবাই মিলে করার আলাদা একটা আনন্দ আছে। শীতে কাতর মানুষগুলো একটা কম্বল পেয়ে উপকৃত হবে—এটা আমার কাছে বড় পাওয়া।’প্রতিবেশী শওকত আলী বলেন, ‘মানুষ বিদেশে যায় অর্থ উপার্জন করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে। কিন্তু সামছুল আলমের তিন ছেলে সম্পূর্ণ আলাদা। তারা যখনই বাড়িতে আসেন তখনই সাধারণ মানুষের কথা ভাবেন। এবার তাঁরা বাড়িতে এসে মানুষের শীতের কষ্ট দেখে কম্বল বিতরণ করেন। এলাকার বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসায় তাঁরা অনেক টাকা অনুদান দিয়েছেন। তা ছাড়া তাঁদের সহযোগিতায় অনেকগুলো ছেলেমেয়ে পড়ালেখা করছে।’ নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘এরা তিন ভাই বাড়িতে এলে এলাকার মানুষের মাঝে এক ধরনের আনন্দ শুরু হয়। দরিদ্র মানুষগুলো আশা করেন, তাদের কিছু একটা উপহার আসলেও আসবে।’