প্রবাসী বাংলাদেশিরা সমস্যা সমাধানে চান কূটনৈতিক তৎপরতা
মসজিদুল হারামের (কাবা শরিফ) চারদিকে মক্কার চারটি এলাকা। মসজিদুল হারাম থেকে ভুল দরজা দিয়ে বের হলে অন্য এলাকায় চলে যান বাংলাদেশি হজযাত্রীরা। ফলে তাঁরা গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন। এমন হজযাত্রীদের সহায়তায় এগিয়ে আসেন লিমুজিন বা ট্যাক্সিক্যাবের বাংলাদেশি চালকেরা। তাঁরা হজযাত্রীদের পথ চিনতে সহায়তা করেন, কেউবা তাঁদের বাড়ি বা বাংলাদেশ হজ মিশনে পৌঁছে দেন। এ জন্য বৃদ্ধ হজযাত্রীদের কাছ থেকে অনেক সময় গাড়িচালকেরা ভাড়াও নিতে চান না।এই গাড়িচালকদের একজন মিজান। দীর্ঘদিন ধরে তিনি মক্কায় গাড়ি চালাচ্ছেন। বাংলাদেশি হজযাত্রীদের পথ হারানোর কয়েকটি ঘটনা জানান তিনি। কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘সুখ-দুঃখে মেশানো আমাদের প্রবাসজীবন। অনেক সমস্যা। এখন বাংলাদেশিদের সৌদি ভিসা দেওয়া বন্ধ রয়েছে। আকামা (কাজের অনুমতিপত্র) নবায়ন করতেও বেগ পেতে হয়। আকামা নবায়ন করতে কফিলকে (স্পনসর) দুই বছরের জন্য পাঁচ হাজার রিয়াল দিতে হয়। কোনো কোনো কফিল ফ্রি ভিসা করে দিতে মাসিক (৩০০ থেকে ৭০০ রিয়াল) চুক্তিও করেন। এসব কারণে কোনো কোনো ভুক্তভোগীরা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন। অল্প কয়েকজন হয়তো বা অপরাধ করেন, কিন্তু এ জন্য দুর্ভোগের শিকার হন অনেকে।’আরেক বাংলাদেশি নাসির আহমেদ সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিলেন অনেক দিন। প্রতারণার শিকার হয়ে এখন মক্কায় আছেন। তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশিদের অবস্থা ভালো নয়। সৌদিরা তাঁদের ভালো চোখে দেখেন না। তিনি জানান, রিয়াদের হারা ও বাথা এলাকায় ঢাকার দোহার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীর লোকজন বেশি থাকেন। আর্থিক লেনদেন, প্রভাব-প্রতিপত্তি, কখনো রাজনৈতিক বা তুচ্ছ কারণে তাঁরা ঝগড়া-ফ্যাসাদ এবং মারামারি করেন। যা ভারতীয়রা বিশেষ করে কেরালার লোকজন ছবি তুলে বা ভিডিও করে সৌদিদের দেখায়। কোনো কোনো ঘটনা পত্রিকায়ও প্রকাশিত হয়, যা বাংলাদেশিদের সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি করে।জাকির নামের আরেকজন জানান, কয়েকজন বাংলাদেশি ম্যানহোলের ঢাকনা, কেব্ল চুরি করে ধরা পড়েছেন। কিছু বাংলাদেশি পুরান মালামালের ব্যবসা করেন। চুরি করা মালামাল ওইসব দোকানে বিক্রি করা হয়।কয়েকজন প্রবাসী অভিযোগ করেন, ফ্রি ভিসা বিক্রি হয় ২২ হাজার রিয়াল পর্যন্ত। এই ভিসা বিক্রি নিয়ন্ত্রণ করেন কয়েকজন বাংলাদেশি। এঁদের জন্য সব প্রবাসী সমস্যায় পড়েন। এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ বাড়ালে বাংলাদেশের ভিসা সমস্যার নিরসন হবে বলে তাঁরা মনে করেন।প্রবাসীরা জানান, বাংলাদেশের শ্রমমন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের কেউ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করলে হয়তো এসব সমস্যার সমাধান হতে পারে। কেউ কেউ অভিযোগ করেন, দেশ থেকে মন্ত্রীরা এলে সাধারণ মানুষেরা তাঁদের সঙ্গে দেখা করতে পারেন না। তাঁরা দেখা করতে পারলে এসব সমস্যার কথা জানাতে পারতেন।ওয়েবসাইট হালনাগাদ: প্রতিদিন হজযাত্রীদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হচ্ছে। সব তথ্য পাওয়া যাচ্ছে এই ঠিকানায়: www.hajj.gov.bd।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ থেকে গতকাল রোববার পর্যন্ত ৭৮ হাজার ৩৪৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।