প্রবাসী মুজিবনগর সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ রীতি হলো—আগে সরকার গঠিত হয়, তারপর প্রতিষ্ঠিত হয় প্রশাসন। বাংলাদেশের মুজিবনগর সরকারের ক্ষেত্রে আগে গঠিত হয়েছিল প্রশাসন। কথাটা হেঁয়ালিপূর্ণ মনে হলেও আদতে ঘটেছিল তা-ই। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয় ১৭ এপ্রিল ১৯৭১। কিন্তু বাংলাদেশে নানা রকম প্রশাসনিক সমস্যা স্বাধীনতাসংগ্রামের শুরু থেকেই দেখা দিয়েছিল। এসব অন্তর্বর্তীকালীন সমস্যা প্রশাসনকেই মোকাবিলা করতে হয়েছে।বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে পাকিস্তানের সরকারকে অগ্রাহ্য করে সমান্তরাল শাসন প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন। তার ফলে প্রকৃতপক্ষে পাকিস্তানের শাসনযন্ত্র বাংলাদেশে ৭ মার্চ থেকে অচল হয়ে যায়। বাংলাদেশের প্রশাসন তার নিজের গতিতে কাজ শুরু করে। এভাবে শুরু হওয়া প্রশাসনযন্ত্র কোনো পরিকল্পনা অনুযায়ী মুজিবনগর সরকারে রূপান্তরিত হয়নি। তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের বিপ্লবের অংশ হয়ে দাঁড়িয়েছিল। এ রকম বিচ্ছিন্ন প্রয়াসের মাধ্যমেই গড়ে উঠছিল আমাদের প্রশাসন।স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার পর মুজিবনগর সরকার গঠিত হতে তিন সপ্তাহের মতো সময় লেগেছে। এই সময়ের মধ্যেই কিছু কাজ সম্পন্ন হওয়া খুব জরুরি ছিল। এই কাজগুলো তখনকার অপরিকল্পিত প্রশাসনের মাধ্যমেই হয়েছে। যেমন, কোষাগারের টাকা ভারতে সরিয়ে নিয়ে যাওয়া, দেশের সম্পদ মুক্ত এলাকায় নিয়ে আসা। তখন অস্ত্রের ভান্ডার খুলে সেনাবাহিনীর জন্য অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছে, তাদের জন্য সরকারি গুদাম থেকে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তান সরকার অচল হয়ে গেলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার ব্যবস্থা করতে হয়েছে। সরকারের অনুমোদন ছাড়াই কোথাও কোথাও দীর্ঘদিনের অগ্রিম বেতন দেওয়া হয়েছে। এ রকম অনেক বড় বড় সিদ্ধান্ত এখতিয়ারের বাইরে গিয়ে এই স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা প্রশাসনকেই নিতে হয়েছে। প্রশাসনযন্ত্র তাই সরকারের জন্য অপেক্ষা করছিল। তলার থেকেই মুজিবনগর সরকার গঠনের তাগিদ তৈরি হয়েছে, ওপর থেকে গঠিত হয়নি। ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকার শপথ নেওয়ার আগের তিন সপ্তাহ সারা দেশে নানা রকম ব্যবস্থা নিতে হচ্ছিল। খুব স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা বিভিন্ন উদ্যোগের সমন্বয়ে এসব পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল। কোথাও এর নেতৃত্ব দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা, কোথাও রাজনৈতিক নেতারা। কোথাও কোথাও একসঙ্গে মিলে কাজ এগোচ্ছিল। কোথাও হয়তো প্রশাসন দাঁড় করানোই সম্ভব হয়নি। এ রকম স্বতঃস্ফূর্তভাবে দেশের দায়ভার গ্রহণ করা বাংলাদেশ বিপ্লবের ফসল।আগেই বলেছি, মুজিবনগর সরকারের জন্ম হয়েছে ব্যতিক্রমী পথে। সাধারণ নিয়ম অনুযায়ী প্রশাসন গড়ে উঠবে সাংবিধানিক বাতাবরণে। কিন্তু তখন দেশে সংবিধানের কোনো কথাই নেই, কোনো ধারাবাহিকতাও নেই। দেশজুড়ে এখানে-ওখানে যত স্ফুলিঙ্গ জ্বলে উঠছিল, সেসব একটা দাবানলে রূপান্তরের দায়িত্ব গ্রহণ করে মুজিবনগর সরকার। এ সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন এলাকাভিত্তিক প্রশাসন দাঁড়িয়ে যেতে শুরু করে। যদিও তাদের অধিকাংশকেই কাজ করতে হতো ভারতে থেকে। প্রথম দিকে কেন্দ্রীয় প্রশাসন গড়ে তুলতে কয়েক সপ্তাহ সময় লেগেছে। আগরতলায় ‘ইস্টার্ন রিজিয়ন’ নামে এই অঞ্চলের এমপিদের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছিলেন। আবার পশ্চিমাঞ্চল থেকে আগরতলায় যেসব কর্মকর্তা গিয়েছিলেন, তাঁরা কাজ করছিলেন মুজিবনগরে। ধীরে ধীরে এসবের মধ্যে সমন্বয় ঘটে। এই সমন্বয়ের মাধ্যমেই বিচ্ছিন্ন প্রশাসনিক উদ্যোগ একটি জাতীয় প্রশাসনের রূপ পরিগ্রহ করে। এসব কারণে শুরুর দিকে মুজিবনগর সরকারের সবগুলো মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা যায়নি। বেছে বেছে কয়েকটি মন্ত্রণালয় দিয়ে যাত্রা শুরু করে মুজিবনগর সরকার। মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়। প্রথম দেখা হতো মন্ত্রণালয় চালানোর মতো উপযুক্ত লোকবল আছে কি না। আরেকটি বিবেচনা ছিল, মন্ত্রণালয়টি সে পরিস্থিতিতে কতটুকু জরুরি। শুরুতে যেসব মন্ত্রণালয় ছিল, তার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ছিল না। তখন মূল গুরুত্বটা ছিল সাধারণ প্রশাসন বিভাগের ওপর। অর্থ, ত্রাণ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও কল্যাণ—এ-জাতীয় বিষয়গুলোর ওপর স্বাভাবিকভাবেই জোর দেওয়া হয়েছিল বেশি। তারপর যখন ক্রমান্বয়ে পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী পাওয়া গেল, তখন নানা দিক বিচার-বিশ্লেষণ করে আস্তে আস্তে সরকারকে বাড়িয়ে তোলা হয়। এভাবে বাড়তে বাড়তে ২০ অক্টোবর পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগ গিয়ে দাঁড়ায় ১২টিতে।এই ১২টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আরও অনেকগুলো প্রতিষ্ঠান সংযুক্ত ছিল। এই মন্ত্রণালয়গুলো কেন্দ্রীয় সরকারের কাজ করত। কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্থানীয় প্রশাসনের ঘনিষ্ঠ যোগাযোগের স্বার্থে ১১টি সেক্টরে গোটা বাংলাদেশের মুক্তিবাহিনীকে ভাগ করে ফেলা হয়। প্রতিটি সেক্টরের সঙ্গে আবার গড়ে তোলা হয় একটি করে আঞ্চলিক প্রশাসনিক কর্তৃপক্ষ। এসব আঞ্চলিক প্রশাসনের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক নেতারা। আর প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। এই আঞ্চলিক প্রশাসনের মধ্যেই আবার পরে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ—এ ধরনের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। মুজিবনগর সরকার ছিল মূলত একটি প্রবাসী সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মূল কার্যালয় ছিল কলকাতার থিয়েটার রোডে। আঞ্চলিক প্রশাসনগুলোর অধিকাংশকেই কাজ করতে হতো দেশের বাইরে থেকে; যদিও দেশের কিছু না কিছু অঞ্চল সব সময়ই মুক্তাঞ্চল ছিল—যেমন কুড়িগ্রামের কিছু এলাকায় প্রায় পুরোটা সময় মুজিবনগর সরকার কর্তৃত্বে ছিল। কোথাও কোথাও কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে, কোথাও কর্তৃত্ব চলে গেছে। তাই দেশের ভেতরে সব অঞ্চলে সমান প্রবেশাধিকার ছিল না। সম্পূর্ণ প্রশাসন চালানোর সামরিক ক্ষমতাও এ সরকারের ছিল না। আঞ্চলিক প্রশাসনগুলোর অবস্থান ছিল আগরতলা, শিলচর, পশ্চিম দিনাজপুর—এ-জাতীয় সীমান্তবর্তী নিরাপদ অঞ্চলে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় গঠন করে বহির্বিশ্বে দূতাবাস স্থাপনের কাজ চলতে থাকে। এসবের পাশাপাশি মুজিবনগর সরকার জোর দেয় বেতার ও গণমাধ্যমের ওপর।মুক্তিযুদ্ধ চলাকালে এই সরকারের ভূমিকা ছিল অসামান্য। উল্লেখযোগ্য কিছু ভূমিকার কথা এখানে স্মরণ করা যেতে পারে। এ সরকারের সবচেয়ে মূল্যবান ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের সময়জুড়ে আশার আলোকবর্তিকা প্রজ্বলিত রাখা। এ সরকারই দেশের আপামর মানুষের মনে এই বিশ্বাস জুগিয়েছে যে দেশে মুক্তির যে লড়াই চলছে, তার শেষে নতুন সূর্য উঠবে। মুক্তিযুদ্ধের সংগঠন ছিল মুজিবনগর সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। বাংলাদেশ থেকে দলে দলে যুবকেরা ভারতে যাচ্ছিল প্রশিক্ষণের আশায়। সরকার এদের জন্য ইয়ুথ ক্যাম্প পরিচালনা করছিল। সবাইকে একসঙ্গে মুক্তিবাহিনীতে নেওয়া সম্ভব ছিল না। সুতরাং তাদের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করতে হচ্ছিল, তাদের মনোবল চাঙা রাখার ব্যবস্থা করতে হচ্ছিল। অক্টোবর মাসে কোনো কোনো অঞ্চলে অসম্ভব শীত পড়েছে। আমাদের মুক্তিসেনারা তখন শীতে কাঁপছেন। আমাদের সম্পদ থেকেই তাঁদের জন্য কম্বল ও গরম কাপড়ের ব্যবস্থা করতে হয়েছে। যুদ্ধের সময় প্রায় এক কোটি শরণার্থী পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের নানাবিধ সমস্যা ও সংকট উত্তরণে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখা ছিল খুব দরকারি।মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ একটি অর্জন ছিল আন্দোলন থেকে একটি সুসংহত প্রশাসনব্যবস্থা গড়ে তোলা। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি শক্তিশালী প্রশাসনব্যবস্থা দাঁড়িয়ে যায়। ফলে দেশ স্বাধীন হওয়ার পর একটি কার্যকর প্রশাসনের জন্য এক দিনও অপেক্ষা করতে হয়নি।মুজিবনগর সরকার শুধু দৈনন্দিন প্রশাসন সামলাতেই ব্যস্ত ছিল না। মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ের মধ্যেই অধ্যাপক মোজাফ্ফর আহমদকে সভাপতি করে এবং কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদকে সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশন গঠিত হয়। পরে বাংলাদেশে যে পরিকল্পিত অর্থনীতির সূচনা ঘটে, তার বুনিয়াদও রচিত হয় মুজিবনগর সরকারের মাধ্যমে।সরকার চালাতে গেলে অর্থের জোগান দরকার। মুজিবনগর সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধের সময় যত অর্থ ব্যয় হয়েছে, তার একটি বড় অংশ এসেছে বাংলাদেশ থেকে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোষাগারের টাকা ভারতে নিয়ে গিয়েছেন। এসব অর্থের প্রায় সবটাই মার্চ-এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে হস্তান্তরিত হয়ে যায়। বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া পাকিস্তানি মুদ্রা কাবুলে পাঠিয়ে ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করে নিতে হতো। এ প্রক্রিয়াটি ছিল ধীর ও জটিল। বাংলাদেশ সরকারের পক্ষে নিজে থেকে এসব মুদ্রা বিনিময় করা সম্ভব ছিল না। এ জন্য এজেন্ট নিয়োগ দিতে হতো। তারাও তড়িঘড়ি কাজটি করতে পারত না। এসব জটিলতার মধ্যে পাকিস্তান সরকারের আদেশবলে মুদ্রাগুলো অচলও হয়ে যায়। তারপর—জুন-জুলাই মাসের পর থেকে—মুদ্রাগুলো আর ভাঙানো সম্ভব হয়নি। ফলে সব টাকা উদ্ধার করা গেল না। অথচ বাংলাদেশ সরকারের সেই দুঃসময়ে অর্থই ছিল তার প্রধান সহায়। অর্থের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস ছিল ভারতের বিভিন্ন রাজ্য সরকারের ঘোষিত অনুদান। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন রাজ্য সরকার বাংলাদেশ সরকারের জন্য অনুদান ঘোষণা করে। অনুদানের অর্থ সরকারি কোষাগারে জমা হয়। টাকা পাওয়ার তৃতীয় সূত্র ছিল প্রবাসীদের দান। প্রবাসী বাঙালি ও বাংলাদেশের শুভানুধ্যায়ী অনেক বিদেশি তখন বাংলাদেশের জন্য টাকা-পয়সা দিয়েছে। সরকার পরিচালিত হয়েছে এসব অর্থ দিয়েই। এ ছাড়া অর্থ জোগাড়ের আরও বিক্ষিপ্ত কিছু উৎস ছিল। সরকারের পক্ষ থেকে অর্থায়নের ক্ষেত্রে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যেমন, একটি ব্যবস্থা ছিল—বেতন হ্রাস। স্থির করা হয়েছিল, কোনো সরকারি কর্মকর্তাকেই পাঁচ শ ভারতীয় মুদ্রার বেশি বেতন দেওয়া হবে না।মুজিবনগর সরকারকে কর্মক্ষম রাখার জন্য অগুনতি মানুষ কাজ করেছে। এ সরকার গঠন করার পেছনে তখনকার পাকিস্তানের কর্মকর্তা-কর্মচারীদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পাকিস্তান সিভিল সার্ভিসের ১৩ জন এবং ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তা প্রায় ১০০ জন এই সরকারের প্রশাসনে কাজ করেন। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সচিবালয়, কর সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ইত্যাদি বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী। শিক্ষক, কৃষিবিদ, বৈজ্ঞানিক, চিকিৎসক, প্রকৌশলী ও জাতীয় অনেক পেশাজীবী মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন হাসপাতালে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছিলেন বহু চিকিৎসক। ছিলেন তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার সময় বিশেষ কোনো ক্যাডার থেকে নিয়োগ না দিয়ে সামগ্রিকভাবে সব ধরনের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল।যদিও অনেক মুক্তিযোদ্ধা সরকারি কাজে এখনো নিয়োজিত আছেন, তবু মূল মুজিবনগর সরকারের প্রায় সব কর্মকর্তা ও কর্মচারী তখন সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। দেশের স্বাধীনতাসংগ্রামে অবশ্যই তাঁরা ছিলেন সফল। তবু প্রশ্ন থেকে যায়, মুক্তিযুদ্ধের চেতনায় তাঁরা পরবর্তী প্রজন্মকে কতটুকু উজ্জীবিত করতে পেরেছেন। তাঁদের চূড়ান্ত সাফল্য ও দৃষ্টিকোণ থেকেই বিচার করতে হবে। আকবর আলি খান: মুজিবনগর সরকারের কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।