প্রবাসী শ্রমিকদের কাছ থেকে কেবল নিচ্ছি: গহওর
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গহওর রিজভী বলেছেন, ‘প্রবাসী শ্রমিকেরা বাংলাদেশের গর্ব। তাঁরাই বিদেশ থেকে টাকা পাঠিয়ে অর্থনীতি সচল রাখছেন। কিন্তু বাস্তবতা হলো, আমরা তাঁদের কাছ থেকে কেবলই নিচ্ছি। তাঁদের কিছু দিতে পারছি না।’আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে ‘মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি’ এবং ‘বাংলাদেশ অভিবাসী ও মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।গহওর রিজভী বলেন, ‘একজন শিক্ষক বা চিকিত্সক যখন বিদেশে যান, সেখানে তিনি একটি অ্যাকাউন্ট খোলেন। বেশির ভাগ ক্ষেত্রে তিনি দেশে কোনো টাকা পাঠান না। কিন্তু প্রবাসী শ্রমিক তাঁর কষ্টার্জিত আয়ের সব টাকা দেশে পাঠিয়ে দেন। কাজেই এই প্রবাসী শ্রমিকদের জন্য আমাদের অবশ্যই ভালো কিছু করতে হবে।’দূতাবাসগুলোয় প্রবাসী শ্রমিকদের হয়রানি প্রসঙ্গে গওহর রিজভী বলেন, ‘আমাদের দেশের কূটনীতি ৪০ বছরের পুরোনো। কীভাবে কাঁটাচামচ দিয়ে খেতে হবে, কোন হাতে গ্লাস ধরতে হবে—আমরা কেবল সেগুলোই চিন্তা করছি। এখন শ্রমিকবান্ধব কূটনীতি লেবার ডিপ্লোম্যাসি করার সময় এসেছে।’গহওর বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী প্রবাসী শ্রমিকদের বিষয়ে অনেক আন্তরিক। আমরা তাঁদের জন্য আসলেই কিছু করার চেষ্টা করছি। তাঁরা যাতে কম খরচে বিদেশে যেতে পারে, প্রশিক্ষণ নিতে পারে, সেই ব্যবস্থা করছি। এখন প্রতিটি জেলায় সে জন্য একটা করে প্রশিক্ষণকেন্দ্র হচ্ছে।’