প্রবাসী শ্রমিকদের প্রতি মানবিক আচরণের আহ্বান মিজানুর রহমানের
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, প্রবাসী শ্রমিকেরা বিদেশ থেকে অমানবিক পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায়। কিন্তু অধিকাংশ সময়ই রাষ্ট্র বা দূতাবাসের কর্মকর্তারা তাঁদের সঙ্গে মানবিক আচরণ করে না। এ পরিস্থিতি বদলাতে হবে। প্রবাসী শ্রমিকদের সব ধরনের অধিকার নিশ্চিত করে তাঁদের প্রতি মানবিক আচরণ করতে হবে। এ জন্য সরকার ও দূতাবাসের কর্মকর্তাদের সবার আগে প্রবাসী শ্রমিকদের অধিকার সম্পর্কে জানতে হবে।অভিবাসনসংক্রান্ত বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়কারী সংগঠন কারাম এশিয়া আয়োজিত মতবিনিময় সভায় আজ রোববার মিজানুর রহমান এসব কথা বলেন। ঢাকায় অনুষ্ঠিতব্য কলম্বো প্রসেস সম্মেলনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আর সবার মতো একজন অভিবাসী শ্রমিকেরও সব ধরনের অধিকার আছে। তাঁদের সেই অধিকারগুলো নিশ্চিত করতে হবে। প্রায়ই দেখা যায়, সেটা সম্ভব হয় না। দূতাবাসগুলোতে তিন থেকে চার লাখ শ্রমিকের বিপরীতে এক থেকে দুজন শ্রম কর্মকর্তা (লেবার অ্যাটাসে) থাকেন। এঁদের পক্ষে লাখ লাখ অভিবাসী শ্রমিকের স্বার্থ দেখা সম্ভব হয় না। তিনি সবার আগে শ্রম কর্মকর্তাদের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন। মিজানুর রহমান বলেন, সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও দূতাবাসের কর্মকর্তাদের সবার আগে প্রবাসী শ্রমিকদের অধিকার সম্পর্কে জানতে হবে। যাতে করে তাঁরা প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেন। এ জন্য প্রয়োজনে মানবাধিকার কমিশন তাঁদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত আছে। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, বর্তমান সরকার প্রবাসী শ্রমিকদের অধিকারের বিষয়ে অনেক বেশি সচেতন। এ কারণেই সরকার কলম্বো প্রসেস সম্মেলনকে অনেক গুরুত্ব দিচ্ছে। এবার সম্মেলনে লিখিত নীতিমালা হবে। তাতে শ্রমিকদের অধিকার ও মর্যাদার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। কারাম এশিয়ার প্রধান আইরিন ফার্নান্দেজ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসী শ্রমিকেরা সব সময়ই নানা ধরনের সমস্যায় পড়েছেন। এসব সমস্যা মোকাবিলায় রাষ্ট্রগুলোর নিজস্ব কৌশল থাকা উচিত।