প্রবাসী স্বামীকে মৃত দেখিয়ে বিধবাভাতা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী স্বামীকে মৃত দেখিয়ে বিধবাভাতা এবং গর্ভবতী না হয়েও গর্ভকালীন ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। নিজের মেয়ের নামে এ কাজটি করেছেন নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য ডহর বল্লাহাটি গ্রামের বেদানা বেগম (৪০)।সরেজমিনে জানা গেছে, দুই বছর ধরে বেদানা বেগম তাঁর নিজের মেয়ে রুমা বেগমের (২৮) নামে এভাবে টাকা উত্তোলন করে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী জনৈক ইউপি সদস্য জানান, নয় বছর আগে রুমার সঙ্গে পাশের কচুয়াডাঙ্গা গ্রামের প্রিন্স শেখের বিয়ে হয়। দাম্পত্য জীবনে রুমার নাহিদ (৭) ও নাদিম (৫) নামে দুটি ছেলেসন্তান রয়েছে। প্রিন্স শেখ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। এ সুযোগে বেদানা বেগম প্রায় সাত মাস ধরে তাঁর মেয়ের নামে ৩০০ টাকা হারে বিধবাভাতা ও গর্ভকালীন ভাতা উত্তোলন করে আসছেন।এ ব্যাপারে বেদানা বেগম বলেন, ‘জামাই তাঁর ছেলেমেয়ে ও স্ত্রীর খবর নেয় না। মেয়ে রুমা তার ছেলেদের নিয়ে আমার বাড়িতেই থাকে। খরচের জোগান দিতেই এভাবে ভাতা উত্তোলন করা হয়েছে।’ এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নির্মল কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি জানি। আগের চেয়ারম্যানের মৃত্যুর পর আমি দায়িত্বভার নিয়েছি। তখন কীভাবে কী করা হয়েছে, তা বলতে পারব না। তবে সংশ্লিষ্ট এলাকায় এসব তালিকা করার দায়িত্ব বেদানা বেগমের ওপর ছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’