প্রবাসীদের অবদানেই বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীদের পাঠানো অর্থের জন্যই ২০২১ সালে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস সামনে রেখে আজ সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন করা হবে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘আইন মেনে যাব বিদেশ, অর্থ এনে গড়ব স্বদেশ’। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাল মঙ্গলবার থেকে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ এখন দ্বিতীয় জনশক্তি রপ্তানিকারক দেশ। গত বছর প্রবাসীরা প্রায় সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে, চলতি বছর ১৪ বিলিয়ন মার্কিন ডলার আসবে বলে আমরা আশা করছি। প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আমরাও তা-ই মনে করি।’ মন্ত্রী বলেন, ‘যারা এত কষ্ট করে বিদেশে যাচ্ছে, তাদের বিদেশে যাওয়ার প্রক্রিয়া যেন মর্যাদার সঙ্গে করা যায়, সব ধরনের প্রতারণা যেন বন্ধ হয়, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’ মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানো হবে। এ জন্য খরচ হবে মাত্র ৪০ হাজার টাকা। মালয়েশিয়ার এই বাজার চালু করতে পারলে সব জায়গাতেই খরচ কমে আসবে। সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব হজরত আলী ও বিএমইটির মহাপরিচালক বেগম শামছুন নাহার মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল, বিএমইটির পরিচালক (কল্যাণ) মোহসিন চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।