প্রবাসীদের তিনটি ব্যাংকের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তাদের তিনটি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এই তিনটির একটি যুক্তরাজ্যে, অপর দুটি যুক্তরাষ্ট্রে প্রবাসী উদ্যোক্তাদের ব্যাংক হবে।কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এরপর বৈঠকটি আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়। রোববার দুপুরে অনুষ্ঠেয় বৈঠকে দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের ব্যাংক প্রতিষ্ঠার আবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত হবে।প্রবাসী উদ্যোক্তাদের নতুন তিনটি ব্যাংকের মধ্যে একটির প্রস্তাবিত নাম হচ্ছে ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’। বাকি দুটির প্রস্তাবিত নাম একই ‘এনআরবি ব্যাংক লিমিটেড’ হওয়ায় লাইসেন্স দেওয়ার আগে একটির নাম পরিবর্তন করতে হবে। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মূল উদ্যোক্তা হচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী ফরাসত আলী। আর এনআরবি ব্যাংক লিমিটেড নামে একটির মূল উদ্যোক্তা হচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী ব্যবসায়ী ও ইউএ করপোরেশনের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং অপরটির উদ্যোক্তা যুক্তরাজ্যে প্রবাসী ব্যবসায়ী ও সিমার্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আহমেদ।পর্ষদ বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বৈঠকে দেশে বসবাসরত উদ্যোক্তাদের প্রচলিত ধারার ও এনআরবি দুই ধরনেরই ব্যাংক স্থাপনের প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমরা তিনটি এনআরবি ব্যাংক দেওয়ার সুপারিশ করেছিলাম। পর্ষদ তিনটিরই লাইসেন্স দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’অন্যদিকে দেশে বসবাসরত উদ্যোক্তাদের প্রচলিত ধারার নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকা উপস্থাপন করা হয়। সুর চৌধুরী বলেন, ‘পর্ষদ মনে করছে, এ বিষয়ে আরও বিশ্লেষণ দরকার। এ জন্য আগামী রোববার পুনরায় পর্ষদের বৈঠক ডাকা হয়েছে।’রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক দেওয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর বলেন, যাঁরা আবেদন করেছেন, তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। যেসব আবেদন এসেছে, সেসব আবেদনকারীর সক্ষমতা দেখে পর্ষদের বৈঠকে দেওয়া হয়েছে।সুর চৌধুরী জানান, এনআরবি ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা আহরণের ওপর নানা শর্ত দিয়ে লাইসেন্স দেওয়া হবে। বৈদেশিক বাণিজ্য, প্রবাসী-আয়, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, প্রস্তাবিত সার্বভৌম বন্ডসহ বিভিন্ন বিষয়ে তাঁদের শর্ত দেওয়া হবে।