প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার মালামাল লুটের দাবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রসুলপুর গ্রামের লন্ডন প্রবাসী নজরুল হকের বাড়িতে গতকাল সোমবার ডাকাতি হয়েছে। রাত দুইটার দিকে ১৪-১৫ জনের ডাকাত দল ওই বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান জিনিসসহ কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নজরুল হকের পরিবারের অনেকেই লন্ডনে থাকেন। গত সপ্তাহে তাঁর ভাই এরশাদুল হক লন্ডন থেকে পরিবারসহ বাংলাদেশে বেড়াতে আসেন। গতকাল রাত দুইটার দিকে ডাকাত দল বাড়িতে ঢুকে এরশাদুল হক ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।পরিবারের দাবি, ডাকাত দল ১৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ লাখ টাকা, দুই হাজার ইউরো, মোবাইল ফোন সেটসহ এক কোটি টাকার মালামাল নিয়ে গেছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে কত টাকার মালামাল লুট হয়েছে, তিনি তা জানাতে পারেননি।