প্রবাসীরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক
প্রবাসীরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক—এ মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তাঁদের সব ধরনের মর্যাদা ও নিরাপত্তা দিতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ‘অভিবাসী নারী শ্রমিক ও গণমাধ্যম’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা)।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নানা ধরনের কষ্ট ও সংকট সহ্য করে বাংলাদেশের মেয়েরা বিদেশে যাচ্ছেন এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। তাঁদের অভিবাসন যাতে নিরাপদ হয়, তাঁরা যাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, দেশে ফিরলে তাঁরা যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে রাষ্ট্রের পদক্ষেপ নেওয়া জরুরি। তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে যেতে আমাদের নারীদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। বিদেশে গিয়ে তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। অনেক সময় শারীরিক নির্যাতনেরও শিকার হন। এত সব কিছু মোকাবিলা করে নারীরা যে বিদেশে কাজ করছেন, সে জন্য তাঁদের যোগ্য সম্মান দিতে হবে। দেশে এলে তাঁরা যেন যথাযথ নিরাপত্তা পান, সেটি লক্ষ রাখতে হবে। আমি বিষয়টি মন্ত্রিপরিষদে তুলব।’ নারী অভিবাসনের বিষয়ে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে প্রবাসী এই নারী কর্মীদের সমস্যা ও সম্ভাবনার কথাগুলো তুলে ধরতে হবে। আমরা এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় থেকে যা করার, সেগুলো করতে চেষ্টা করব।’ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী বলেন, নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। এ জন্য তাঁদের প্রশিক্ষণ নিয়ে এবং সব ধরনের তথ্য জেনে বিদেশে যাওয়া উচিত। গণমাধ্যম বিশেষজ্ঞ সুলতানা আদনান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী ফরিদা ইয়াসমিন, বমসার পরিচালক সুমাইয়ার ইসলাম, মহাসচিব এস কে রুমানা, লিলি জাহান প্রমুখ।