বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা এখন থেকে ভোট দিতে পারবেন। বিদেশে বসবাসরত প্রবাসীর বাংলাদেশের যে এলাকায় স্থায়ী বা অস্থায়ী ঠিকানা রয়েছে, তিনি সেই এলাকার ভোটার হবেন।গতকাল সোমবার প্রবাসীদের ভোট দেওয়ার এ অধিকার দিয়ে ‘ভোটার তালিকা সংশোধন আইন, ২০১০’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রবাসীরা দেশের বাইরে যেখানে, যত দিন অবস্থান করুন না কেন, তাঁরা বাংলাদেশে ভোট দিতে পারবেন। প্রবাসীর বাড়ি বাংলাদেশের যে এলাকায়, তিনি সে এলাকায় ভোটার হবেন। তিনি জানান, সংশোধিত আইনটি সংসদে উত্থাপন করে পাস করা হবে।নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রবাসে বাংলাদেশের ৫০ থেকে ৬০ লাখ ভোটার রয়েছেন। গত সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের পক্ষ থেকে তাঁদের ভোটার করার জন্য বিভিন্ন ফোরামে দাবি উত্থাপন করা হয়। এ পরিপ্রেক্ষিতে কমিশন নির্বাচনের আগেই সরকারের কাছে এ বিষয়ে প্রস্তাব দিয়েছিল। এ বিষয়ের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দুই নির্বাচন কমিশনার যুক্তরাজ্যেও সফর করেন। কিন্তু সময়ের স্বল্পতার কারণে শেষ পর্যন্ত প্রবাসীদের ভোটার করার বিধান করা সম্ভব হয়নি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ইসি থেকে এ বিষয়ে সরকারের কাছে একাধিকবার প্রস্তাব পাঠানো হয়।জানতে চাইলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম অলোকে বলেন, এটা নিঃসন্দেহে শুভ উদ্যোগ। প্রস্তাবটি আইনে পরিণত হলে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নেবে। তাঁরা নিজেদের ভোটাধিকার পাবেন।মন্ত্রী-সাংসদদের প্রতি হুঁশিয়ারি: মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের কাজকর্মে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বলে সূত্র জানায়। তিনি বলেন, কেউ যেন মনে না করেন, অন্যায় করার পরও সরকারদলীয় বলে তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। বরং সরকারের ভাবমূর্তি যাঁরাই নষ্ট করবেন, বা নষ্ট করার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি মন্ত্রিসভার সদস্যদের বলেন, ‘আপনারা নির্ভয়ে কাজ করে যান। শুধু খেয়াল রাখবেন, কোনো দুর্নীতি বা অনিয়ম যেন আপনাদের মাধ্যমে না হয়।’যমুনার টোল বাড়ানোর প্রস্তাব নাকচ: যোগাযোগ মন্ত্রণালয় থেকে যমুনা সেতুর টোল আরও বাড়ানোর প্রস্তাব করা হয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীকে জানানো হয়, বিশ্বব্যাংক জানিয়েছে, যমুনা সেতুর টোল বাড়ানো না হলে পদ্মা সেতু নির্মাণে তারা সহায়তা দেবে না। প্রধানমন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয়ের এ প্রস্তাব নাকচ করে দিয়ে জানান, যমুনা সেতুর টোল আর এক টাকাও বাড়ানো যাবে না। এমনিতেই যমুনা সেতুর টোল বেশি। এ ছাড়া যমুনা সেতু দিয়ে সবজি পরিবহন করা হয়, প্রতিবার এত টোল দেওয়ার সামর্থ্য নেই এই ব্যবসায়ীদের। টোল বাড়ানো হলে সবকিছুর দামও বেড়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী এ প্রস্তাব নাকচ করে দেন।মেট্রো রেল নির্মাণে সহায়তা দেবে জাপান: মন্ত্রিসভায় জানানো হয়, মেট্রো রেল নির্মাণে জাপান ২০১১ সালে ১৭০ কোটি ডলার সহায়তা করার আশ্বাস দিয়েছে। যোগাযোগমন্ত্রী জানান, এ রেল নির্মাণ করা হলে রাস্তার ওপর গাড়ির চাপ কমবে, কমবে যানজটও। প্রধানমন্ত্রী জানান, তিনি জানুয়ারিতে জাপান সফরে যাবেন। সে সময় এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন।খাদ্যপরিস্থিতি অবহিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে: খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রধানমন্ত্রীকে বর্তমান খাদ্যপরিস্থিতি সম্পর্কে অবহিত করে জানান, দেশে চালের কোনো সংকট নেই। তবে বিশ্ববাজারে চালের দাম বেড়ে যাওয়ায় তিন লাখ ৩০ হাজার টন চাল কেনার চুক্তি করা হলেও তা সরবরাহ করছে না। প্রধানমন্ত্রী এ সময় খাদ্যমন্ত্রীর কাছে খোলাবাজারে চাল বিক্রিসহ নানা বিষয়ে জানতে চান।এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে সার্ক বাণিজ্য চুক্তি অনুসমর্থনের বিষয়টিও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ চুক্তির ফলে বাণিজ্য, শিক্ষা ও জ্বালানি খাতে ভবিষ্যতে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়বে।