প্রবাসে চাকরি! সিদ্ধান্ত নিন ভেবেচিন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবার মৃত্যুর কয়েক মাস পরেই পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। সেজন্য বাঁচার তাগিদেই পড়াশোনার মধ্যেও পরিবারের কথা ভাবতে হয়। মুরাদ নামে এক বড় ভাই জানান, বিদেশ গেলে মাসে ৪০ হাজার টাকা বেতন পাব। লোকটি আত্মীয় বলে অতটা না ভেবেই পরিবারের সহায়-সম্বল বিক্রির পাশাপাশি ধারদেনা করে তাঁকে তিন লাখ টাকা দিয়ে মধ্যপ্রাচ্যে যাই। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি, যাতায়াত বাবদ মাত্র ৫০ হাজার টাকা খরচ হয়েছে। বাকি খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান দিয়েছে। যে কাজ দেওয়া হয় সেটি ছিলখুব কষ্টের ও কম বেতনের। তাই পালিয়ে অন্যত্র কাজ শুরু করি। কিন্তু সেখানে ধরা পড়ে, জেল খেটে ও জরিমানা দিয়ে শূন্য হাতে দেশে ফিরি।’ এভাবেই নিজের স্বপ্নভঙ্গের বর্ণনা দিলেন প্রবাসফেরত মো. টিটু।শহর বা গ্রামে এভাবেই সুযোগসন্ধানী প্রতারকদের খপ্পরে পড়ে সহায়-সম্বল হারান অনেকেই। সেজন্য যাঁরা বিদেশ যেতে চান তাঁরা যাতে প্রতারকদের হাত থেকে বাঁচতে পারেন তা নিয়েই এই প্রতিবেদন। প্রথমে যা ভাবতে হবে: বিদেশ গমনে আগ্রহী ব্যক্তিদের ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম বলেন, ‘আপনার নিজের বা পরিবারের ভবিষ্যৎ ও বর্তমান পুরোটাই এর সঙ্গে জড়িত। সেজন্য প্রথমে ভাবতে হবে কোন দেশে যাচ্ছেন। কাজের ধরন ও বেতন-ভাতা কেমন। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচ্ছেন। তারা বৈধ কি না। যে প্রতিষ্ঠানে কাজের জন্য যাবেন, চুক্তিপত্র ও তাদের নিজস্ব প্যাডে সিল ও প্রতিনিধির স্বাক্ষর আছে কি না ইত্যাদি বিষয় পরীক্ষা করে নিন। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ভারপ্রাপ্ত মহাপরিচালক হজরত আলী বলেন, খুব ভালোভাবে নিয়োগকারী প্রতিষ্ঠানের চুক্তিপত্র, কাজের ধরন, সময়, ওভারটাইম, বেতন-ভাতা ইত্যাদি বিষয় দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।বিএমইটির কার্যক্রম: দেশে-বিদেশে কর্মীদের কাজের সুযোগ তৈরি, সহায়তা, শ্রমবাজারের তথ্য সংগ্রহ, গবেষণা, রিক্রুটিং এজেন্সির কার্যক্রম নিয়ন্ত্রণ ও কল্যাণমূলক কাজসহ আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী জনশক্তি গড়ার লক্ষ্যে ১৯৭৬ সালে বিএমইটি চালু করা হয়। রিক্রুটিং এজেন্সি বৈধ কি না এবং ভিসা ও ওয়ার্ক পারমিটসহ এ সংক্রান্ত সব বিষয় ঠিক আছে কি না তা দেখার জন্য বিএমইটিতে খোঁজ নেওয়া ও অভিযোগ দেওয়া যায়। জাল ভিসা পরীক্ষা করানো যায়। এ ছাড়া ৪২টি জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) থেকেও প্রার্থীরা এ ধরনের সব তথ্য জানতে পারবেন।যেভাবে কাজ করে বিএমইটি: এ প্রতিষ্ঠান বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে চাকরিপ্রার্থীদের নাম তালিকাভুক্ত ও নিয়োগকর্তার কাছে উপস্থাপন করে। বিএমইটির তিনটি শাখা রয়েছে—কর্মসংস্থান ও বহির্গমন, কল্যাণ এবং প্রশিক্ষণ শাখা। এর মধ্যে কর্মসংস্থান ও বহির্গমন শাখা রিক্রুটিং লাইসেন্স ও নবায়ন প্রদান, প্রার্থীর নিরাপদে অভিবাসন নিশ্চিতকরণ, ছাড়পত্র, চুক্তিপত্র, ভিসার বৈধতা, স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি কার্যক্রম দেখে। কল্যাণ শাখা প্রবাসী কর্মীরা অসুস্থ, পঙ্গু ও আহত অবস্থায় দেশে ফিরলে তাঁদের বিমানবন্দর থেকে নিরাপদে পৌঁছানোতে সহায়তাসহ মৃত ব্যক্তির লাশ আনা বাবদ ৩৫ হাজার টাকা ও সংশ্লিষ্ট নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া ও ক্ষতিপূরণ আদায়ের কাজ করে। ক্ষতিপূরণ পাওয়া না গেলে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের বিএমইটির নিজস্ব কল্যাণ তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়। জেলে আটক কর্মীকে কর্মকর্তা বা আইনজীবীর মাধ্যমে আইনি সহায়তা দেয় এই শাখা। এটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে বহির্গমন ছাড়পত্র যাচাইসহ সার্বিক সহায়তার কাজ করে থাকে। প্রশিক্ষণ শাখাটি দেশে ও বিদেশে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। বিএমইটি বর্তমানে ৩৮টি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে নানা বিষয়ে বিভিন্ন মেয়াদি কর্মমুখী প্রশিক্ষণ দেয় বলে জানান হজরত আলী।বোয়েসেলের কার্যক্রম: বোয়েসেল হলো সরকারি মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান। বিনা বা স্বল্প খরচে স্বচ্ছতার সঙ্গে সঠিক কাজে সঠিক কর্মীকে বিদেশে প্রেরণের উদ্দেশ্যে ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এটি বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পেশাজীবী, দক্ষ ও স্বল্প দক্ষ কর্মীদের জন্য কাজের সুযোগ তৈরি করে দেয়।নির্বাচন-প্রক্রিয়া: মো. জহিরুল ইসলাম আরও বলেন, প্রতিষ্ঠান আমাদের কাছে জনবলের কথা জানায়। আমরা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে সরাসরি কোম্পানির কাছে পাঠিয়ে দিই। তখন তারা বাছাইকৃত প্রার্থীর তালিকা দেয়। এরপর তাদের প্রতিনিধি পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করেন। লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।খরচাপাতি: প্রার্থীদের নিয়োগকারী প্রতিষ্ঠানকে কোনো টাকা দিতে হয় না। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীর খরচাপাতি নিয়োগকারী প্রতিষ্ঠানই বহন করে। এমনকি বিমান বা যাতায়াত ভাড়া পর্যন্ত (প্রতিষ্ঠানভেদে) তারা দেয়। দক্ষতা ও দেশ অনুযায়ী সার্ভিস ফি ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় বলে জানান বোয়েসেলের মহাব্যবস্থাপক।বিএমইটির মহাপরিচালক বলেন, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মধ্যপ্রাচের বিভিন্ন দেশে যেতে হলে সরকার নির্ধারিত ফি হলো পুরুষ প্রার্থীর জন্য ৮৪ হাজার টাকা এবং মহিলাদের জন্য ২০ হাজার টাকা। প্রার্থীকে অবশ্যই জমা দেওয়া টাকার বিপরীতে রসিদ বা লিখিত কোনো কাগজপত্র নিতে হবে। মনে রাখতে হবে, নির্ধারিত ফির বেশি টাকা দেওয়া মানে আপনি প্রতারিত হচ্ছেন।বিস্তারিত জানতে হলে : বোয়েসেল, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, প্রবাসী কল্যাণ ভবন, ঢাকা। ফোন: ৯৩৬১৫১৫, ০১৬৮১৬৯৯৬৭৫। ওয়েব: www.boesl.org.bdবিএমইটি, ৮৯/২ কাকরাইল, ঢাকা। ফোন: ৯৩৫৭৯৭২। ওয়েব: www.bmet.gov.bd