প্রবাসের প্রথম শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাইরে যে শহরে শহীদ মিনার প্রথম স্থায়ী রূপ পেয়েছে বলে এখনো পর্যন্ত তথ্য বলছে, সেটি মধ্য যুক্তরাজ্যের এক মাঝারি মাপের শহর ওল্ডহ্যাম। এর ঠিক দুই বছর পরে ১৯৯৯ সালে লন্ডনের বাঙালিপ্রধান এলাকা টাওয়ার হ্যামলেটসে তৈরি হয় ব্রিটেনে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দ্বিতীয় শহীদ মিনার। পূর্ব লন্ডনে শহীদ মিনারটি নির্মিত হয় শহীদ আলতাব আলী পার্কে।ব্রিটেনে বাংলাদেশি জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য আশির দশকে বর্ণবাদীদের বিরুদ্ধে সংগ্রামে শহীদ হয়েছিলেন আলতাব আলী। ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এই স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয়তা প্রথম অনুভূত হয় আশির দশকে। এই শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সম্পাদক নূরুল ইসলাম প্রথম আলোকে জানান, বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায় প্রস্তাবটি ওঠার পর কাউন্সিলের অনুমতি পেতে পেতে পেরিয়ে যায় বেশ কয়েক বছর। তবে ১৯৯৮ সালে অনুমতি পাওয়ার এক বছরের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হয়। নূরুল ইসলাম আরও জানান, ব্রিটিশ-বাংলাদেশি জনগোষ্ঠীর ৫৪টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই শহীদ মিনার গড়ে তোলার জন্য অর্থের ব্যবস্থা করেছিল। বর্তমানে এটি কাউন্সিল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে।এই শহীদ মিনার তৈরিতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, লেবার পার্টির সাবেক কাউন্সিলর রাজনউদ্দিন জালাল তাঁদের অন্যতম। তিনি অবশ্য দাবি করেন, লন্ডনেরটিই যুক্তরাজ্যের প্রথম পূর্ণাঙ্গ শহীদ মিনার।এর আগে ১৯৯৭ সালে ওল্ডহ্যামে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক উদ্যোগের মুখে নগর (কাউন্সিল) কর্তৃপক্ষ সাবেক এই শিল্পনগরের পুনরুজ্জীবনের অংশ হিসেবে তহবিল বরাদ্দ করলে শহীদ মিনারটি নির্মিত হয়। ওল্ডহ্যামের ওয়েস্টউড এলাকায় নির্মিত শহীদ মিনারটিই ইউরোপে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম স্থায়ী শহীদ মিনার। এর কাছেই ঢাকার মতিঝিলের এলাকার আদলে গড়ে তোলা হয়েছে শাপলা চত্বর।ওল্ডহ্যামের শহীদ মিনারটি নির্মাণের উদ্যোগও এসেছিল সেখানকার বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশনের কাছ থেকে। সে উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন। তখন এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন আবদুল মালিক। তিনি এখন ওল্ডহ্যাম কাউন্সিলের একজন নির্বাচিত কাউন্সিলর। তিনি জানান, এই শহীদ মিনার নির্মাণের জন্য ১৯৯০ সালে তাঁরা কাউন্সিলের কাছে আবেদন করেছিলেন। কয়েক বছর পর অনুমতি ও অর্থ বরাদ্দ পাওয়া যায়। দেশের বাইরের প্রথম এই শহীদ মিনারটির কাজ শেষ হয় ১৯৯৭ সালের মাঝামাঝি। সে বছরের ৫ অক্টোবর এর উদ্বোধন করা হয়।লন্ডন স্কুল অব ইকোনমিক্স ও র‌্যানিমিড ট্রাস্টের বাংলা স্টোরিস নামে প্রকাশনার তথ্য বলছে, ওল্ডহ্যামে শহীদ মিনার নির্মাণের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৯০ সালে। বাংলাদেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন এ জন্য কাউন্সিলে তহবিল বরাদ্দের আবেদন জানায়।সমাজবিজ্ঞানী প্রফেসর জন ইড ও ডেভিড গারবিন ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর ওপর প্রকাশিত এক যৌথ গবেষণা নিবন্ধে লিখেছেন, এই জনগোষ্ঠী তাদের মূলভূমির ধর্মনিরেপক্ষ জাতীয়তাবাদী ঐতিহ্যের প্রতীক হিসেবে যেসব বিষয় বিবেচনা করেন, শহীদ মিনার তার একটি। তাঁরা আরও বলেন, ইসলামি রাজনৈতিক ধারায় বিশ্বাসী বাংলাদেশিরা ওল্ডহ্যাম ও পূর্ব লন্ডনের এই দুই শহীদ মিনারের বিরোধিতা করেন। এই বিরোধিতাকে বিশ্লেষণ করে গবেষক দুজন শহীদ মিনার দুটোকে ব্রিটেনে বাংলাদেশি অভিবাসীদের ধর্মনিরেপক্ষ চেতনার নিদর্শন বলে উল্লেখ করেছেন।যুক্তরাজ্যের ওয়েলস রাজ্যের রাজধানী কার্ডিফে বাংলাদেশি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, সেখানেও একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি নগর কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছেন।