প্রবীণ রাজনীতিক ফরিদ গাজীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ দেওয়ান ফরিদ গাজী আজ শুক্রবার ভোরে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।দেওয়ান ফরিদ গাজী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফরিদ গাজী ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, দেওয়ান ফরিদ গাজী সমাজের সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। স্বাধীনতা আন্দোলন ও দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করার ক্ষেত্রে তাঁর অবদানের কথা দেশবাসী স্মরণ করবে। রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, মরহুম দেওয়ান ফরিদ গাজী ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশবাসী একজন ত্যাগী রাজনীতিবিদকে হারাল। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। —বাসস