প্রবীণ শ্রমিকনেতা আবুল বাশার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শ্রমিকনেতা আবুল বাশার আর নেই। জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি, পাটকল শ্রমিকদের শীর্ষনেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার আজ রোববার সকাল সাতটায় মিরপুর জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।আবুল বাশারের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ছয় মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও অনুসারী রেখে গেছেন।শ্রমিকনেতা বাশারের লাশ আজ দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একজন প্রতিনিধি আবুল বাশারের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্কপনেতা শহিদুল্লাহ, সাদেক মজুমদার রতন প্রমুখ শ্রমিকনেতা পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।প্রয়াত শ্রমিকনেতা বাশারের লাশ আগামীকাল সোমবার তাঁর রাজনীতির সূচনাস্থল চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।এরপর তাঁর জন্মস্থান নোয়াখালীতে শ্রদ্ধা প্রদর্শন ও জানাজা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।—বাসস