প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তাফা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তাফা (৮৪) আর নেই। গতকাল শনিবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বিশিষ্ট এই নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। কে জি মুস্তাফা দীর্ঘদিন ধরে কিডনি ও হূদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন।পরিবারের সদস্যরা জানিয়েছেন, কে জি মুস্তাফার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ রোববার তাঁর বড় ছেলে বিবিসি বাংলা সার্ভিসের প্রধান সাবির মুস্তাফা দেশে ফেরার পর মরদেহ দাফন করা হবে। পারিবারিক সূত্র জানায়, আজ দুপুর দেড়টায় মোহাম্মদপুরের ইকবাল রোড মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে তিনটায় সাংবাদিকদের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা হতে পারে। বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে মরদেহ রাখা হবে। এরপর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী কে জি মুস্তাফার জন্ম ১৯২৬ সালে, সিরাজগঞ্জ সদর উপজেলার কাউয়াখোলা ইউনিয়নে। তিনি দৈনিক ইত্তেহাদ-এ কাজ শুরুর মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি দৈনিক আজাদ, ইনসাফ, ইত্তেফাক, সংবাদ ও অবজারভার পত্রিকায় সাংবাদিকতা করেন। সর্বশেষ তিনি দৈনিক মুক্তকণ্ঠ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কে জি মুস্তাফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কলকাতার ইসলামিয়া কলেজে পড়তেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কে জি মুস্তাফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ কে জি মুস্তাফা আজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি সাংবাদিকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুরূপ এক শোকবার্তায় কে জি মুস্তাফার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সংবাদপত্র সম্পাদনা সহকারী ফোরাম, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্র ইউনিয়ন, মুক্তিযোদ্ধার সন্তান, জাতীয় গীতিকবি পরিষদ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।