প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রবীণ ব্যক্তিদের ‘জ্যেষ্ঠ নাগরিক’ ঘোষণা এখন জরুরি হয়ে পড়েছে। প্রবীণদের সমস্যা তুলে ধরতে দরকার নিজস্ব জোরালো সংগঠন। প্রবীণদের জন্য আরও দরকার সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিমা।গতকাল বৃহস্পতিবার ‘দীর্ঘ জীবন ও ভবিষ্যৎ বিনির্মাণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী প্রবীণ সংগঠক, বিশিষ্ট নাগরিক ও সরকারি কর্মকর্তারা এসব কথা বলেন। প্রথম আলো ওই বৈঠকের আয়োজন করে। বৈঠক আয়োজনে সহায়তা করে বেসরকারি প্রতিষ্ঠান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ইউরোপিয়ান ইউনিয়ন ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল। জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খান বলেন, সমাজে সুস্থ বিত্তবান, অসুস্থ বিত্তবান, সুস্থ বিত্তহীন ও অসুস্থ বিত্তহীন—এই চার ধরনের প্রবীণের উপস্থিতি লক্ষ করা যায়। তাঁদের মধ্যে সবচেয়ে অসহায় অসুস্থ বিত্তহীন প্রবীণেরা। তিনি বলেন, সুস্থ বিত্তহীন প্রবীণদের হালকা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া যায়। এতে প্রবীণেরা গ্লানি বোধ করেন না, সন্তোষ বোধ করেন। পশ্চিমের দেশগুলোতে এটা দেখা যায়।অধ্যাপক এম আর খানসহ একাধিক আলোচক বলেন, প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা করলে সরকারের আর্থিক কোনো ক্ষতি নেই। কিন্তু এ ঘোষণায় দেশের প্রায় দেড় কোটি প্রবীণের লাভ আছে। এতে তাঁরা সম্মানিত বোধ করবেন; অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, আগামী দেড় বছরের মধ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচিতে প্রবীণদের চিকিৎসার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে বৈঠকের শুরুতে রিকের পরিচালক আবুল হাসিব খান বলেন, দুর্যোগের সময় বাড়ি পাহারা দেন প্রবীণেরা। অন্যরা নিরাপদ আশ্রয়স্থলে চলে যায়। গ্রামে দেখা গেছে, প্রবীণ মা-বাবার ঘরে থাকার জায়গা হয় না। তাঁরা থাকেন বারান্দায় বা প্রতিবেশীর বাড়িতে। প্রবীণদের নিয়ে ২২ বছর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, প্রবীণদের ব্যাপারে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সংবেদনশীল করে তোলা জরুরি।‘বৃদ্ধনিবাস, বৃদ্ধাশ্রম বা “ওল্ড হোম” প্রবীণদের সমস্যার সমাধান নয়। সমস্যা সমাধানে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা দরকার,’ মনে করেন প্রবীণদের সংগঠন ফোরাম ফর দ্য রাইটস অব এল্ডারলির সভাপতি কে এম রশিদ (৮৪)। তিনি বলেন, প্রবীণেরা নিজেদের চাহিদা বুঝতে পারেন, কিন্তু তা প্রকাশ করতে পারেন না। নিজেদের প্রয়োজনের দাবি তুলে তাঁরা রাস্তায় নামতে পারেন না। প্রবীণদের চাহিদা জনসমক্ষে প্রকাশের জন্য এনজিওগুলো ভূমিকা রাখতে পারে।গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার জন্য গাজীপুর থেকে এসেছিলেন মো. শাহাবুদ্দিন সরদার। তিনি অভিযোগ করেন, জাতীয় স্বাস্থ্যনীতিতে প্রবীণদের বিষয়ে কিছু নেই। দেশের প্রায় ১৫ শতাংশ মানুষ প্রবীণ। বাজেট বরাদ্দের ১৫ শতাংশের দাবিদার তাঁরা। অথচ তাঁরা মাসে সরকারের কাছ থেকে পাচ্ছেন ৩০০ টাকা, অর্থাৎ দিনে মাত্র ১০ টাকা। তাঁর প্রশ্ন, এই দুর্মূল্যের বাজারে ১০ টাকায় কী হয়। ৭২ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা জাতীয় প্রবীণ কমিটির সভাপতি। তিনি বলেন, কমিটি করে সুবিধা হয়েছে। স্থানীয় প্রশাসন ও ব্যাংক কমিটির সদস্যদের সম্মান করে।প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী এই বৈঠকের সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। সূচনা বক্তব্যে তিনি বলেন, ৬০ বছর বয়স হলেই তাঁকে প্রবীণ বলা হচ্ছে। কিন্তু দেশে ৬৫ বছর বয়স হওয়ার পর কিছু কর-সুবিধা দেওয়া হয়। তিনি বলেন, আর্থিক সুবিধার বাইরেও প্রবীণদের অসহায়ত্ব দূর করার জন্য সামাজিক পরিবেশ তৈরি করা দরকার। আর্থিক নিরাপত্তা: বৈঠকে অংশগ্রহণকারীদের অনেকেই অভিযোগ করেন, এনজিওগুলো অসহায় প্রবীণদের ঋণ দেয় না। প্রবীণদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচিও নেই।এ প্রসঙ্গে ব্র্যাকের পরিচালক (বিডিআই) সৈয়দ ম হাশমী বলেন, ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো ৫৫ বছরের বেশি বয়সীদের ঋণ দিতে চায় না। ঋণ নিয়ে কেউ মারা গেলে টাকা ফেরত পাওয়ার ঝুঁকি থাকে। তিনি বলেন, প্রবীণেরা নিজেদের তাগিদে একত্র হন। দলগতভাবে ঋণ দেওয়ার ক্ষেত্রে এটা একটা সুবিধা। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন—এদের ওপর চাপ দিতে হবে প্রবীণদের জন্য ঋণ কর্মসূচি দাঁড় করাতে। একাধিক আলোচক অভিযোগ করেন, দাতারা অনেক বিষয়ে অর্থ দিলেও প্রবীণদের ব্যাপারে তাদের আগ্রহ কম। বয়স্বী কল্যাণ সমিতির সভাপতি সেলিনা আক্তার প্রতিবেশী এক প্রবীণ নারীর অসহায়ত্বের কথা বৈঠকে বর্ণনা করেন। সেলিনা আক্তার নিজেদের অর্থে ও ইচ্ছায় প্রবীণদের জন্য ছোট একটি আশ্রয়ব্যবস্থা গড়ে তুলেছেন। তিনি বলেন, প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা, তাঁদের জন্য দিবাযত্নকেন্দ্র, ব্যাংক-অফিস-আদালতে অগ্রাধিকার, গণপরিবহনে সিট বরাদ্দ, রাস্তা পারাপারে সহায়তা—এসব দাবি বাস্তবায়ন করার জন্য আইন জরুরি।দেশে প্রবীণদের স্বার্থরক্ষায় কোনো আইন নেই। একটি নীতিমালার খসড়া তৈরি হয়েছে প্রায় ১০ বছর ধরে। কিন্তু সেই নীতিমালাও চূড়ান্ত করছে না সরকার। এ নিয়ে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক আলোচক ক্ষোভ প্রকাশ করেন।প্রবীণ নারীদের অধিকারের বিষয়টি এখন জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদে (সিডও) অন্তর্ভুক্ত আছে এবং এটা মানতে সরকার বাধ্য বলে জানান জাতিসংঘ সিডওর সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম। তিনি বলেন, ৬৮ শতাংশ বিধবা দ্বিতীয়বার বিয়ে করেন না। তাঁরা একাকী জীবন যাপন করেন। পুরুষের তুলনায় বয়স্ক নারীর অসহায়ত্ব বেশি বলেও উল্লেখ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ আই মাহাবুব উদ্দিন আহমেদ বলেন, প্রবীণদের বিষয়গুলো এখনো নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি পায়নি। রাষ্ট্র প্রবীণদের দায়িত্ব নিচ্ছে না।তবে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, প্রবীণদের বসবাস, স্বাস্থ্য এবং ভরণপোষণের দায়িত্ব সরকারের। তিনি বলেন, ২২ হাজার ৭৫০ কোটি টাকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকার বয়স্ক ভাতা ও বিধবা ভাতা দিচ্ছে, কিন্তু সবাই তা পাচ্ছেন না। তিনি বলেন, সমাজের ধনাঢ্য শ্রেণীকে এ কাজে এগিয়ে আসতে হবে।স্বাস্থ্যসেবা: খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, প্রবীণ বয়সে মানুষ নানা রোগে আক্রান্ত হন। হূদেরাগ, ডায়াবেটিস, কিডনি রোগ—এ রকম দীর্ঘস্থায়ী রোগে তাঁরা বেশি ভোগেন। ডেল্টা মেডিকেল হাসপাতালের চিকিৎসক আফসানা করিম বলেন, বার্ধক্য সময়ের পথ ধরে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, চিকিৎসা-শিক্ষা পাঠ্যক্রমে প্রবীণদের রোগব্যাধির বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। রিকের নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন বলেন, প্রবীণদের দারিদ্র্য দূর করতে একেবারেই ভিন্ন কর্মসূচি দরকার।