প্রবৃদ্ধি বাড়াতে পাঁচ খাতে সরকারের মনোযোগ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এ জন্য মুদ্রানীতি পরিবর্তন করার চিন্তা বাস্তবতাবিবর্জিত। বর্তমানে মূল্যস্ফীতির প্রবণতা কোনো অবস্থাতেই মুদ্রানীতির সঙ্গে সম্পর্কিত নয়।তাই সংকোচনমূলক মুদ্রানীতি চালুর চিন্তায় দ্বিধার কথা জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির পক্ষে সম্মানীয় ফেলো, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা জানিয়ে পাঁচটি খাতে সরকারকে অধিকতর মনোযোগ দিয়ে প্রবৃদ্ধির ধারাকে বেগবান করার পরামর্শ দেন। পাঁচটি খাত হলো: বিনিয়োগ পরিস্থিতি; মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য ও খাদ্যনিরাপত্তা; বিদ্যুৎ ও জ্বালানি; পুঁজিবাজার এবং জনশক্তি রপ্তানি ও প্রবাসী-আয় (রেমিট্যান্স)। গতকাল মঙ্গলবার সিপিডির কার্যালয়ে ২০১০-১১ অর্থবছরের অর্ধবার্ষিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা ও আগামী ছয় মাসের চ্যালেঞ্জগুলো সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করে এসব কথা বলা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মূল বক্তব্য দেন দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে তিন বছর মেয়াদে ১০০ কোটি ডলার ঋণ নেওয়ার চুক্তি সম্পর্কে ভিন্নমত পোষণ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আজকালকার পৃথিবীতে শর্তায়িত ঋণ প্রাগৈতিহাসিক ব্যাপার। আর, মাত্র ছয় মাস আগেই সরকারের মন্ত্রীরা বলেছেন, আইএমএফের দরকার নেই। আইএমএফ বরং বাংলাদেশকে উদাহরণ হিসেবে দেখবে। আচমকা কী হয়ে গেল!’ আগামী ফেব্রুয়ারি মাস থেকে ধারাবাহিকভাবে এ ঋণ পাওয়ার কথা। ব্যাখ্যা করে দেবপ্রিয় বলেন, মূল বিষয় হলো মুদ্রানীতিকে অবলম্বন করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে মনোযোগী হওয়া নাকি প্রবৃদ্ধির দিকে মনোযোগী হওয়া। সামষ্টিক অর্থনীতিতে এমন কোনো অস্থিতিশীলতা তৈরি হয়নি যে প্রবৃদ্ধি ধরে টান দিতে হবে বা আইএমএফ থেকে ঋণ নিতে হবে। গত কয়েক বছর আইএমএফের নানা প্রস্তাবকে এড়িয়ে থেকেছে বাংলাদেশ। এখন কী কারণে দরকার পড়ল এবং এই ঋণ প্রবৃদ্ধির ধারাকে আরও বাধাগ্রস্ত করবে কি না এমন আশঙ্কার কথা জানান তিনি। ড. দেবপ্রিয় বলেন, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আশি ও নব্বইয়ের দশকে শিল্প অর্থাৎ উৎপাদনশীল খাতের যে প্রবৃদ্ধি ছিল, ২০১১ সালে এসেও তা একই জায়গায় থেমে রয়েছে। শিল্প খাতের উৎপাদন ও বিস্তৃতি ছাড়া জিডিপির প্রবৃদ্ধির হার ১০ বা আট নয়, ছয় দশমিক সাত শতাংশ অর্জন করাও কঠিন হবে। সরবরাহকারী ঋণকে (সাপ্লায়ার্স ক্রেডিট) অর্থ সংগ্রহের সবচেয়ে দামি উৎস উল্লেখ করে দেবপ্রিয় বলেন, সরকার যখন একেবারেই নিরুপায় হয়ে পড়ে অর্থাৎ অর্থ সংগ্রহের আর কোনো উৎসই খোলা থাকে না, তখন সরবরাহকারী ঋণ নেওয়ার দরকার পড়ে। কিন্তু বাংলাদেশে তেমন পরিস্থিতি তৈরি হয়নি এখনো।বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার প্রসঙ্গে তিনি বলেন, এই হার শুরুর দিকে ভালো থাকলেও এখন আবার শ্লথ হয়ে গেছে। এ বছর এডিপির আকার সঠিকভাবেই বাড়ানো হয়েছিল, প্রায় দেড় গুণ। কিন্তু বাস্তবায়ন করতে পারাটা অবশ্যই বৈপ্লবিক চিন্তা। তবে এ জন্য যে বৈপ্লবিক পদক্ষেপ দরকার, তা আর হয়নি। প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। ফলে তৈরি হয় নানা অভিঘাত। দেবপ্রিয় বলেন, রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগে নেতিবাচক প্রবৃদ্ধি এবং আমদানি চাহিদা বাড়ার কারণে আর্থিক খাতের ভারসাম্য রক্ষায় একধরনের চাপ তৈরি হয়েছে ঠিক, কিন্তু সঠিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে এই চাপ সামলানোর ক্ষমতাও রয়েছে দেশের। কারণ, দেশের অর্থনীতিতে যে তারল্য রয়েছে, তাতে অর্থের লভ্যতা বড় কোনো সমস্যা নয়। তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে (পিপিপি) বাস্তবায়নযোগ্য ২৩টি প্রকল্পের মধ্যে যাত্রাবাড়ী উড়ালসড়কসহ দুটি পুরোনো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এত কথার পরও কিছুই করা হলো না। দেবপ্রিয় বলেন, অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত মূল্যস্ফীতি সাত শতাংশ। এখন কিছুটা নিম্নমুখী। দেখার বিষয় যে এটা স্থায়ী রূপ লাভ করে কি না। আর এদিকে, চালের দামে বেশি ওঠানামা লক্ষ করা গেছে সম্প্রতি। পাইকারি ও খুচরার পার্থক্যও অনেক বেশি। অথচ কৃষক দাম পাচ্ছেন না। বোঝা যাচ্ছে যে দাম বাড়া-কমার ওপর মিলার ও মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ অনেক বেড়ে গেছে। চালের দাম বাড়া প্রসঙ্গে দেবপ্রিয় আরও বলেন, কৃষি-অর্থনীতির গতি-প্রকৃতিতে এমন কোনো পরিবর্তন এসেছে কি না জানার কোনো কায়দা নেই। কারণ, এ বিষয়ে কোনো গবেষণা নেই। উৎপাদন খরচ বেড়েছে কি না, নাকি চালের উৎপাদনই বাড়িয়ে বলা হচ্ছে, নাকি জনসংখ্যা কমিয়ে বলা হচ্ছে ইত্যাদি প্রশ্ন রয়ে গেছে। কৃষি পরিসংখ্যানকে গভীরভাবে বিশ্লেষণ না-করা হলে খাদ্যনিরাপত্তার সব পদক্ষেপই কার্যকারিতা হারাবে। দেবপ্রিয় বলেন, সম্প্রতি সবার জন্য রেশন-ব্যবস্থা চালুর কথা শোনা যাচ্ছে। এটি কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ হতে পারে না। এটি একটি অপচয়মূলক ও প্রাগৈতিহাসিক ধারণা। বরং ভিজিডি ও ভিজিএফ অব্যাহত রাখার পাশাপাশি প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য যে কর্মসূচি চালু রয়েছে, তা আরও জোরদার করা দরকার। বিদ্যুৎ খাত প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের প্রকৃত বিদ্যুৎ উৎপাদন নিম্নমুখী। বর্তমান সরকারের সময় ২০টি প্রকল্পের মাধ্যমে এক হাজার ২১ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে। যার ১৬টিই তত্ত্বাবধায়ক সরকার আমলের প্রকল্প। নতুন বিদ্যুৎ উৎপাদন হলেও পুরোনো অনেক প্রকল্পের উৎপাদন বন্ধ। সুতরাং দ্রুত বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা ছিল, তা এখন মধ্যমেয়াদিতে পরিণত হয়েছে। গ্যাস ও বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ অত্যাবশ্যক বলে মনে করেন দেবপ্রিয়। তিনি বলেন, এ ব্যাপারে সিপিডির কোনো দ্বিমত নেই। বরং দেখতে হবে যে কী হারে বাড়ানো হচ্ছে। বর্তমান দর বিদ্যমান থাকলে ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আর পাঁচ থেকে ছয় শতাংশ বাড়ানো হলে ভর্তুকি নেমে আসবে ১৯ হাজার কোটি টাকায়। এতে কতটুকু কী লাভ হবে—প্রশ্ন রাখেন তিনি। পুঁজিবাজার প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, পুঁজি সৃষ্টির উদ্দেশ্যে পুঁজিবাজার। কিন্তু তা এখন ফাটকা বাজারে পরিণত হয়েছে। এই প্রবণতাটাই তো ভুল। অর্থনীতিতে বিকল্প বিনিয়োগের সুযোগ না থাকায় সঞ্চয় ধাবিত হচ্ছে পুঁজিবাজারে, যা স্বাস্থ্যের লক্ষণ নয়; বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণও নয়। ১৯৯৬ সালের পরিস্থিতি আর হবে না—এমন কথা বলা হয়ে থাকলেও অনেক ছলচাতুরী এখনো রয়ে গেছে বাজারে। আশঙ্কা হয়, যেভাবে উঠেছি, সেভাবেই পড়ব কি না। কারণ বাজার এখন হেঁচকি দিচ্ছে। গোটা বাজারটিতেই সম্পদ বুদ্বুদ তৈরি হয়েছে। আর অঘোষিত ও অনিয়ন্ত্রিত আয় তো রয়েই গেছে।দেবপ্রিয় বলেন, দেশের মধ্যে বিকল্প বিনিয়োগের সুযোগ সৃষ্টি না করতে পারলে অর্থনীতিতে কৃত্রিম অবস্থার তৈরি করবে। শুধু অর্থনীতি নয়, রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে এই বাজার। দেবপ্রিয় বলেন, ‘অনেকে বলেন, বাজার এখন পড়বে না। তার পরও আস্থা রাখতে পারছি না। কারণ মার্কিন পুঁজিবাজারেও ধস দেখা যায়। সে তুলনায় বাংলাদেশেরটা বেশি শক্তিশালী, এ কথা বিশ্বাস করতে পারলে আমি খুশি হতাম।’ প্রশ্নোত্তর পর্বে দেবপ্রিয় বলেন, ‘অনেকের ধারণা, সাম্প্রতিক মন্দা থেকে আইএমএফ কিছুটা শিক্ষা নিয়েছে। কিন্তু না। কাজের সুবিধার্থে কিছু শব্দ পরিবর্তন করেছে তারা। বিশ্বাস ও নীতিতে তারা আগের মতোই রয়ে গেছে।’অপর এক প্রশ্নের জবাবে ভারত থেকে নেওয়া সরবরাহকারী ঋণ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, সরবরাহকারী ঋণ নিতে গেলে ৬৫ শতাংশ পণ্য কিনতে হবে ভারত থেকে। এতে পণ্যের আন্তর্জাতিক মূল্যমানের ব্যাপারে সাবধান থাকতে হবে। তা ছাড়া এ ক্ষেত্রে জরিমানা প্রথা রয়েছে। সময়মতো প্রকল্প শুরু না হওয়ায় জরিমানা গুনতে হবে কি না, সেটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।