প্রবৃদ্ধি হার ধরা হচ্ছে ৭.২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৩-১৪ অর্থবছরে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭ দশমিক ২ শতাংশ।অর্থমন্ত্রী জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বেলা তিনটা ২০ মিনিটে ২০১৩-১৪ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন, তাতে তিনি প্রবৃদ্ধির এই আশা প্রকাশ করেন।যদিও এক বছর আগে চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন, চলাতি বছর প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ২ শতাংশ। কিন্তু তা অর্জন করা যায়নি। হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ।অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আট মাসের প্রকৃত অবস্থার ভিত্তিতে যে সাময়িক পূর্বাভাস দিয়েছে, তাতে ২০১২-১৩ অর্থবছরে ৬ দশমিক ০৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। তবে এ প্রাক্কলনে বোরো, আলু ও ভুট্টা উত্পাদনের চূড়ান্ত তথ্য সন্নিবেশ করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের ধারণা এ ফসলগুলোর উত্পাদন এই বছর বিশেষ হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই এতদসংক্রান্ত চূড়ান্ত তথ্য অন্তর্ভুক্ত করা হলে জিডিপি প্রবৃদ্ধি কোনো অবস্থাতেই পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কম হবে না।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমান বছরে ধারণা করা হচ্ছে বেসরকারি বিনিয়োগ কিছুটা কম হবে। কিন্তু, একই সঙ্গে সরকারি বিনিয়োগ জিডিপির ৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৮৫ শতাংশ হতে যাচ্ছে। এ বছরের উচ্চমানের বিনিয়োগ অবশ্য সার্বিক প্রবৃদ্ধি হারে ইতিবাচক অবদান রাখবে। তিনি বলেন, ‘আমাদের ধারণা বর্তমান অর্থবছরে প্রকৃত প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে।’ আগামী বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘পূর্বাভাস অনুযায়ী ২০১৩ সাল ও পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতির ইতিবাচক পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অর্থনীতিতে কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত হবে। পাশাপাশি বিদ্যুত্, জ্বালানি ও যোগাযোগ খাতে সরবরাহ সীমাবদ্ধতা দূর করার গৃহীত পদক্ষেপসমূহ অবকাঠামোগত ঘাটতি আরও কমিয়ে আনবে। এসব অনুমান ও প্রত্যাশার প্রেক্ষাপটে উন্নয়নশীল এশীয় দেশগুলোর সঙ্গে সংগতি রেখে আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হয়েছে।’