প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশধরে নতুন বাজেটের কাজ শুরু
মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ প্রাক্কলন করে আগামী ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট তৈরির কাজ শুরু হয়েছে। চলতি ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির হার ধরা আছে ৬ থেকে ৬.৫ শতাংশ। যদিও চলতি অর্থবছরের প্রবৃদ্ধি অর্জন নিয়ে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভিন্ন মত দিয়েছে। সংস্থা দুটি বলেছে, এই লক্ষ্যমাত্রা অর্জন হবে না এবং প্রবৃদ্ধি ৫ শতাংশের কাছাকাছি হতে পারে।আবার, আগামী অর্থবছরেও চলতি বছরের মতো সাড়ে ৬ শতাংশ বার্ষিক হারে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। গত জানুয়ারি পর্যন্ত বার্ষিক গড় হিসেবে জাতীয় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। আর গত বছর জানুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ।তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব থেকে দেখা যায়, এ বছর জানুয়ারি মাসে মাসওয়ারি হিসাবে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। অথচ গত বছর জানুয়ারি মাসে এই মূল্যস্ফীতির হার ছিল ৬ শতাংশের সামান্য ওপরে। সব মিলিয়ে বলা যায়, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে; এবং তা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতোই বাড়ছে। সরকারি হিসাবে, দীর্ঘদিন ধরে বিনিয়োগে মন্দা থাকার পর সম্প্রতি এর গতি খানিকটা দ্রুত হয়েছে। দেশে মূলধনি যন্ত্রপাতি আমদানি এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মুদ্রা সরবরাহ, ঋণপ্রবাহ, বৈদেশিক সম্পদ—সবকিছুই বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক পরিকল্পনার সমপরিমাণ, এমনকি ক্ষেত্রবিশেষে তার চেয়ে বেশি হয়েছে। এ অবস্থায় বিনিয়োগ বাড়াতে সম্প্রসারণমূলক কার্যক্রম হাতে নেওয়া হলে তা নতুন করে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবশ্য মনে করে, রিজার্ভ মানি ও অভ্যন্তরীণ ঋণপ্রবাহ তাদের পরিকল্পনার সমপরিমাণে রয়েছে। কেবল বৈদেশিক সম্পদ বেড়েছে। মূলত প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) বড় প্রবৃদ্ধির কারণে এই সম্পদ বেড়েছে। কিন্তু ভবিষ্যতে রেমিট্যান্স-প্রবাহ কমে আসার যথেষ্ট কারণ আছে বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ মনে করে। উপরন্তু রেমিট্যান্স মূলত স্থায়ী সম্পদ, যেমন—জমি ও বাড়ির মূল্য বাড়ায়। ফলে সরকারের লক্ষ্যমাত্রা অনুসারে ৬.৫ শতাংশের মধ্যেই আগামী বছরও মূল্যস্ফীতিকে বেঁধে রাখা সম্ভব হবে। জানা গেছে, আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হতে পারে ৩৯ হাজার কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা চূড়ান্ত হলে তা বর্তমান অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৩৭ শতাংশ বেশি হবে। আর জাতীয় বাজেটে মোট ব্যয় ধরা হচ্ছে এক লাখ ৩২ হাজার কোটি টাকা। চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটের আকার ছিল এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন-ব্যয় বা রাজস্ব বাজেটের পরিমাণ ৮৩ হাজার ৩১৯ কোটি টাকা এবং এডিপি ৩০ হাজার ৫০০ কোটি টাকা। তবে গত ১৬ মার্চ জাতীয় সংসদে অর্থমন্ত্রী উপস্থাপিত চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, সংশোধিত বাজেটের আকার মূল বাজেট থেকে তিন হাজার ২৯৬ কোটি টাকা কমে এক লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকায় নেমে আসতে পারে বলে ঘোষণা দিয়েছেন। আর এডিপির আকার কমে সাড়ে ২৮ হাজার কোটি টাকায় নেমে আসতে পারে। জানা গেছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট তৈরি করতে গিয়ে চাপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশাল আকারের উচ্চাভিলাষী বাজেট দিতে, বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বড় করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশপাশি দলীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা অব্যাহতভাবে চাপ দিচ্ছেন। আর এ চাপের কারণে আগামী ২০১০-১১ অর্থবছরের সামগ্রিক বাজেটের আকার বাড়ানো হচ্ছে। জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো উল্লেখ করেছে। জানা গেছে, আসন্ন বাজেটে সরকারের এই ব্যয় মেটাতে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রাথমিক আলোচনা হয়েছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৯৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলে তা হবে বর্তমান অর্থবছরের চেয়ে ১৭ শতাংশ বেশি। এর মধ্যে রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৭২ হাজার ৬০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ শতাংশ বেশি। চলতি অর্থবছরে এনবিআরের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা।সূত্রগুলো বলছে, এনবিআর এই লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলা পর্যায়ে ক্যাম্প স্থাপন করে রাজস্ব আদায়ের উদ্যোগ নেবে। এ কাজে জনপ্রতিনিধিদের (সাংসদ ও স্থানীয় সরকার প্রতিনিধি) সহযোগিতা নেওয়া হবে।