মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, সিপিডির বক্তব্য অত্যন্ত অন্যায়, দুষ্ট এবং ‘টোটালি রাবিশ’। সরকারের চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হারের প্রাক্কলন ৬ দশমিক ৬৬ শতাংশকে ‘প্রশ্নসাপেক্ষ’ উল্লেখ করে সিপিডি। গত শনিবার অর্থনীতির সার্বিক পরিস্থিতির ওপর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে, ‘প্রবৃদ্ধির হার কোনোভাবেই ৬ দশমিক ২ থেকে ৩ শতাংশের বেশি হওয়ার কথা নয়।’ এ নিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রবৃদ্ধি পরিমাপ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তারা যেটা দেয়, সেটাই আমরা গ্রহণ করি। এখানে অন্য কিছু করার সুযোগ নেই।’অর্থমন্ত্রী আরও বলেন, গত বছর বিবিএসের হিসাবের সঙ্গে মন্ত্রণালয় দ্বিমত পোষণ করেছিল। কিন্তু পরে সরকার তা গ্রহণ করে। চলতি বছর বিবিএসের হিসাবের সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিশ্বব্যাংক ও আইএমএফ জিডিপির হার নিয়ে তাদের নিজেদের কথা বলেছে। একইভাবে সিপিডিও তাদের কথা বলেছে। এটা নিয়ে তাদের সঙ্গে ঝগড়া করার কিছু নেই। তবে গতবার তাদের সঙ্গে ঝগড়া হয়েছিল। আমরা বলেছিলাম প্রবৃদ্ধি বেশি হয়েছে, আর তারা বলেছিল কম।’ এ পর্যায়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সিপিডি প্রবৃদ্ধির প্রাক্কলনকে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে মন্তব্য করেছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রবৃদ্ধি নিয়ে সিপিডি যদি এমন কথা বলে থাকে, তবে তা অন্যায়, অত্যন্ত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ উত্তেজিত কণ্ঠে অর্থমন্ত্রী আরও বলেন, ‘এ ব্যাপারে সিপিডির বক্তব্য রাবিশ, টোটালি রাবিশ। আমি খুবই দুঃখিত।’ গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বৈঠক নিয়ে অর্থমন্ত্রী জানান, ‘২০১১-১২ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেনের ভারসাম্য রক্ষাসহ নানা চ্যালেঞ্জের কথা জানিয়েছেন মরিয়ার্টি। তাঁর সঙ্গে আমি একমত।’ মার্কিন রাষ্ট্রদূত গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছেন বলেও জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে তাঁকে বলেছি, গ্রামীণ ব্যাংক আমাদের গর্বের প্রতিষ্ঠান এবং একে সেভাবেই রাখব আমরা। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এখন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেবে। তাদের সুপারিশের অপেক্ষা করছি।’অর্থমন্ত্রী বলেন, ‘বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিনিয়োগ নিয়েও কথা হয়েছে। বলেছি, অভ্যন্তরীণ বিনিয়োগের চেয়ে আমরা বিদেশি বিনিয়োগ বেশি চাই।’ জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানিগুলো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে চায়। এরই মধ্যে বাংলাদেশের জ্বালানি খাতে কাজ করছি। ভবিষ্যতে তা সম্প্রসারণ করতে চাই বিদ্যুৎ খাতেও।’ মরিয়ার্টি আরও জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসছেন। অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবেন তিনি। স্থলাভিষিক্ত যিনি হবেন, তাঁর নাম ড্যান মজেনা।