প্রবেশ ফি ৩০০ টাকা
শহরের অধিকাংশ চিকিৎসকই হাসপাতালের চাইতে ব্যক্তিগতভাবে রোগী দেখতে বেশি পছন্দ করেন। ভোর ছয়টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তাঁদের চেম্বারে চলে রোগী দেখা। তবে কোনো চিকিৎসকই ফি জমা না দিয়ে রোগীকে তাঁর কক্ষে প্রবেশের অনুমতি দেন না।ভুক্তভোগীরা জানায়, গত বছর যেসব চিকিৎসকের ফি ১৫০ টাকা থেকে ২০০ টাকা ছিল, তাঁদের ফি এখন ৩০০ টাকা হয়েছে। তাঁদের কক্ষে ঢুকতে হলে প্রথমেই চিকিৎসকের সহকারীর হাতে ৩০০ টাকা দিতে হয়। অন্যথায় রোগী মরে গেলেও চিকিৎসকেরা দেখেন না।শহরের শালগাড়িয়া মহল্লার উর্মি খাতুন জানান, সম্প্রতি এক রাতে হঠাৎ তাঁর পেটে ব্যথা অনুভব হয়। তিনি রাত সাড়ে আটটার দিকে শহরের পিডিসি হাসপাতালে (বেসরকারি) মেডিসিন বিভাগের চিকিৎসক শফিকুল ইসলামের কাছে যান। কিন্তু চিকিৎসকের ব্যক্তিগত সহকারী তাঁকে বলেন, ‘স্যারের নির্দেশ আছে, ৩০০ টাকা জমা না দিয়ে তাঁর কক্ষে ঢোকা যাবে না।’ এ সময় তিনি প্রচণ্ড ব্যথায় ছটফট করতে করতে সহকারীর হাতে ৩০০ টাকা দিয়ে চিকিৎসকের কক্ষে যান। চিকিৎসক তাঁকে একটি আলট্রাসনোগ্রাম করে আনতে বলেন। কিন্তু ওই ক্লিনিকে কোনো আলট্রাসনোগ্রাম চিকিৎসক পাওয়া যায়নি। বাইরে অপর এক ক্লিনিক থেকে আলট্রাসনোগ্রাম করে আবার যখন তিনি ওই চিকিৎসকের কাছে আসেন, তখন তাঁকে আর কক্ষে পাওয়া যায়নি। তাঁকে জানানো হয় যে ডাক্তার চলে গেছেন। ৩০০ টাকা ফি দিয়েও তাঁর কোনো লাভ হয়নি সেদিন। পরে রাত সাড়ে ১০টায় পুনরায় আরেক চিকিৎসক দেখান তিনি।এ বিষয়ে চিকিৎসক শফিকুল হাসান রোগী দেখার আগে ৩০০ টাকা ভিজিট নেওয়ার কথা স্বীকার করে বলেন, প্রতিদিন অনেক রোগীই চিকিৎসা নিতে আসে। ঠিক কোন রোগীর ক্ষেত্রে এমনটি ঘটেছে তা মনে নেই। জরুরি কাজে চলে যাওয়ায় হয়তো তাঁকে আর ব্যবস্থাপত্র দেওয়া হয়নি।