যেখানে এক দিনে পাঁচটির বেশি আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয়, সেখানে ডেমরার ভূমি দপ্তরের এক কর্মকর্তা এক দিনে জমি-সংক্রান্ত ৩০০ আবেদন নিষ্পত্তি করেছেন। এতে তাঁর অবৈধ আয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। এসব আবেদন নিষ্পত্তি করা হয় গত ২৫ ফেব্রুয়ারি। শুধু তাই নয়, প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে কিছু নথিপত্র নষ্ট করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।নামজারি করা, নথি হারানো, সম্পত্তি জাল দলিল করে ব্যক্তিমালিকানায় নিয়ে আসা, গুরুতর নিরীক্ষা আপত্তি ও জালিয়াতির এ রকম চিত্র শুধু ডেমরা ভূমি দপ্তরে নয়, সারা দেশেই। সরকারের অনুসন্ধানে বিভিন্ন জেলার ভূমি দপ্তরের এমন অসংখ্য চিত্র বেরিয়ে আসছে।এসব অভিযোগ ও তদন্তের ভিত্তিতে সারা দেশের বেহাত সব সরকারি জমি উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সরকারি এসব জমি কোথায় কতটুকু আছে, কাদের দখলে আছে, কত দিন ধরে দখলে আছে, কোন কর্মকর্তার যোগসাজশে এসব জমি দখল করা হয়েছে, তার তালিকা করার জন্য সারা দেশের বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। দখলকারী যত প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় ভূমি মন্ত্রণালয় এসব নির্দেশনা দেয়।এভাবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে জমি দখলের ঘটনায় বৈঠকে প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বিভাগীয় কমিশনারদের সব খাসজমি উদ্ধারে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন। বিশেষ করে ঢাকা ও গাজীপুরে ভূমি দখলের ঘটনা বেশি থাকায় ঢাকার বিভাগীয় কমিশনারকে এসব জেলায় যে জমি বেদখল হয়ে আছে এবং কাদের দখলে রয়েছে, কীভাবে আছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। জমি দখলের ঘটনায় যদি কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলাও করতেও হয়, তা থেকে পিছপা না হওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী।ভূমি প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ঢাকা, গাজীপুর ও কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার জমি দখলের ঘটনা তদন্তের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনারকে।জানা গেছে, বৈঠকে গাজীপুরে একটি গোষ্ঠীর জমি জবরদখল নিয়ে আলোচনা হয়। এই গোষ্ঠী আর কোথায় কোথায় জমি দখল করেছে, তা খুঁজে বের করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়। জানতে চাইলে ঢাকার বিভাগীয় কমিশনার মইনউদ্দিন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব বিস্তার করে দেশের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে নিয়েছে। এ ছাড়া দেখা যায়, ভূমি জরিপের সময় ভুল করে হোক, আর ভূমি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে হোক, সরকারি জমি দখল করা হয়েছে। এসব ব্যক্তি ও কর্মকর্তার তালিকা করা হচ্ছে।বৈঠকে গাজীপুর জেলার জমি অবৈধভাবে ভরাট ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাহাড় কাটার বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে ’৯৫ সালের অকৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা যুগোপযোগী করার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ১০১টি প্রকৃত ভূমিহীন পরিবারকে নিষ্কণ্টক কৃষি জমি বন্দোবস্ত করার কথা বলা হয়। বৈঠকে আন্তজেলা সীমানাবিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এ ছাড়া জেগে ওঠা চরভূমি জেলা প্রশাসকদের দখলে নিয়ে খসড়া মানচিত্র তৈরি করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়।