সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং তাঁদের আত্মীয়-স্বজনেরা রাজউক থেকে একাধিক প্লট নিয়েছেন। এই তালিকায় যাঁরা আছেন, তাঁদের একটি প্লট রেখে বাকিটি রাজউকের কাছে ফেরত দিতে হবে। আজ বুধবার সংসদে বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, রাজউকের নীতিমালা অনুযায়ী এক ব্যক্তির স্বামী, স্ত্রী বা পোষ্যদের নামে একাধিক প্লট বরাদ্দের সুযোগ নেই। ২০০৮ সালে পূর্বাচল ও উত্তরা তৃতীয় পর্বের প্রকল্পে প্লট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করে একই ব্যক্তির স্বামী, স্ত্রী বা পোষ্যরা একাধিক প্লট পেয়ে থাকতে পারেন। যাঁরা একাধিক প্লট পেয়েছেন, এরই মধ্যে তাঁরা একটি প্লট রাজউককে ফেরত দিয়েছেন। কেউ তথ্য গোপন করে একাধিক প্লট বহাল রাখলে এবং তা রাজউকের দৃষ্টিগোচর হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মান্নান খান জানান, দেশের বস্তি এলাকাগুলোতে বসবাসরত শিশুদের আবাসনের জন্য মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন দাতা সংস্থাকে সংশ্লিষ্ট করার মাধ্যমে অর্থ সংগ্রহ এবং পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।কামাল আহমেদ মজুমদারের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বলেন, দেশের সব নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালা প্রণয়ন শেষে তাঁদের চাকরি জাতীয়করণ করে পর্যায়ক্রমে সুযোগ-সুবিধা দেওয়া হবে। সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী ও পুরুষের শিক্ষাগত যোগ্যতার সমান করা হবে। এ ক্ষেত্রে যে বৈষম্য আছে, তা দূর করতে নীতিমালা সংশোধন করা হচ্ছে। সংসদে আবদুল কালাম: আজ ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেছেন। মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন এবং রাষ্ট্রীয় অতিথিদের জন্য বরাদ্দ করা ভিভিআইপি গ্যালারিতে আসন গ্রহণ করেন। সেখানে বসে আবদুল কালাম বেশ কিছুক্ষণ অধিবেশন প্রত্যক্ষ করেন। এ সময় সংসদে সভাপতির দায়িত্ব পালন করছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী। তিনি আবদুল কালামকে সংসদে স্বাগত জানান এবং এ বিষয়ে সংসদকে অবহিত করেন।