প্রভাবশালীদের ইজারা দেওয়া হচ্ছে সাধারণ লোকের দখলি জমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাওয়াল রাজের এলাকার ব্যক্তি মালিকানার ও বিরোধপূর্ণ জমি নামমাত্র দামে প্রভাবশালীদের ইজারা দিয়ে দেওয়া হচ্ছে। ফলে বছরের পর বছর যাঁরা এসব জমি ভোগ দখল ও খাজনা দিয়ে আসছেন, তাঁরা সর্বস্বান্ত হতে চলেছেন। যথাযথ আইন না মেনে এবং উচ্চ আদালতের রায় উপেক্ষা করে ভূমি মন্ত্রণালয়ের অধীন কোর্ট অব ওয়ার্ডস এসব জমি ইজারা দিচ্ছে। প্রতি শতাংশ জমির ইজারা মূল্য ধরা হয়েছে মাত্র ৬৫৫ টাকা। অভিযোগ উঠেছে, ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই এলাকায় যেসব জমি ব্যক্তি মালিকানাধীন, সেসব জমিও ইজারা দেওয়া হচ্ছে। এই ধরনের জমির মালিকদের অনেকে কোর্ট অব ওয়ার্ডসের বিরুদ্ধে মামলাও করেছেন।কয়েকটি অভিযোগের সূত্র ধরে সম্প্রতি এলাকায় গেলে জমির মালিকেরা বলেন, মিরপুর, পল্লবী ও তুরাগ থানার বিভিন্ন মৌজায় নিজেদের জমি রক্ষা এবং ইজারাদারদের প্রতিরোধ করার জন্য কয়েক শ পরিবার জোট বেঁধেছে। ফলে যাঁরা ইজারা নিচ্ছেন, তাঁরা জমির দখল নিতে গেলে বর্তমান মালিক বা ভোগ দখলকারীদের সঙ্গে দাঙ্গা-হাঙ্গামা লেগে যেতে পারে। ভাওয়াল রাজের ভূসম্পত্তির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান কোর্ট অব ওয়ার্ডস বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ডের অধীনে রয়েছে। তাদের তথ্যমতে, ১৯১৭ সালের ভূমি জরিপ অনুযায়ী বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও বাকেরগঞ্জ জেলায় ভাওয়াল রাজের ভূসম্পত্তির পরিমাণ ছিল চার লাখ ৫৯ হাজার ১৬৩ একর। বর্তমানে এই জমির পরিমাণ ৩০ হাজার ৪২০ দশমকি ৯২ একর। এর মধ্যে বন বিভাগের কাছে ২৪ হাজার ১৪৩ দশমিক ৬০ একর এবং সরকারের খাস খতিয়ানে তিন হাজার ৭৬২ দশমিক ৪৫ একর জমি আছে। বিভিন্ন আবাসন কোম্পানির দখলে আছে ৩২৯ দশমিক ৩০ একর। ব্যক্তি মালিকানা বা দখলে আছে এক হাজার ৫৪০ একর। সূত্র জানায়, কোর্ট অব ওয়ার্ডস ব্যক্তি মালিকানায় থাকা জমিগুলো প্রভাবশালীদের ইজারা দিয়ে দিচ্ছে। এ পর্যন্ত ৫৭৮ দশমকি ৯৩ একর জমি ইজারা দেওয়া হয়ে গেছে। নবায়নের সুযোগ রেখে এক বছরের জন্য এসব জমি ইজারা দেওয়া হয়েছে। আরও কয়েক শ একর জমি ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। এসব জমির অবস্থান ঢাকা ও গাজীপুরের বিভিন্ন মৌজায়। কিন্তু ইজারা দেওয়া বা ইজারার জন্য প্রক্রিয়াধীন জমিগুলো বর্তমানে সরকার বা ভাওয়াল রাজের সম্পত্তি নয়। ১৯৫২ সালে ২৬ ফেব্রুয়ারি সরকারি এক গেজেট প্রজ্ঞানের মাধ্যমে এসব জমি ভাওয়ালের প্রজাদের সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ-সংক্রান্ত ভিন্ন ভিন্ন পাঁচটি রিটের রায়ে ২০০৮ সালের ২০ মে সুপ্রিম কোর্টও এসব সম্পত্তি ভাওয়ালের সম্পত্তি নয় বলে উল্লেখ করেছেন। শুনানিতে কোর্ট অব ওয়ার্ডস বলেছে, ১৯০১ সালে রাজা রাজেন্দ্র নারায়ণ তিন ছেলে, তিন মেয়ে ও রানি বিলাস মণিকে রেখে মারা যান। তখন তিন ছেলে নাবালক থাকায় ভাওয়াল রাজের সম্পদ কোর্ট অব ওয়ার্ডসের নিয়ন্ত্রণে নেওয়া হয়। রানি তিন ছেলের অভিভাবক হিসেবে সম্পত্তি কোর্ট ওয়ার্ডস থেকে পুনরায় নিজের নিয়ন্ত্রণে নেন। পরে তিন ছেলে মারা গেলে ১৯১১-১২ সালে সম্পূর্ণ জমিদারি আবারও কোর্ট অব ওয়ার্ডসের কাছে ন্যস্ত হয়। যে কারণে ভাওয়ালের সম্পত্তির ক্ষেত্রে প্রজাস্বত্ব আইন প্রযোজ্য নয়। কিন্তু কোর্ট অব ওয়ার্ডস নিজেদের দাবির সমর্থনে প্রামাণিক দলিল উপস্থাপন করতে পারেনি। উল্টো সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, ১৯৫২ সালে প্রজ্ঞাপন জারি হলেও কোর্ট অব ওয়ার্ডস কেন এত দিন এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেনি?পল্লবীর বাউনিয়া ও তুরাগ থানার নলভোগ মৌজার জমির মালিকদের কয়েকজনের কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে, ১৯৫২ সালের আগে বা পরে ভাওয়াল রাজার প্রজাদের কাছ থেকে অনেকেই জমি কিনেছেন। এরপর সিএস (ক্যাডস্ট্রাল সার্ভে), এসএ (স্টেট একুইজিশন সার্ভে), আরএস (রিভিশনাল সার্ভে) এবং বাংলাদেশ বা মহানগর জরিপের ধারাবাহিকতায় এসব জমি কয়েক দফায় বিক্রি হয়েছে। মালিকদের পক্ষে নামজারিও আছে এবং তাঁরা নিয়মিত খাজনাও পরিশোধ করে যাচ্ছেন। এ অবস্থায় কোর্ট অব ওয়ার্ডস এসব জমি ভাওয়ালের উল্লেখ করে সিএস জরিপ মূলে ইজারা দিচ্ছেন বলে মালিকেরা অভিযোগ করেন।জানা যায়, কোর্ট অব ওয়ার্ডস ২০০৯ সালে জনৈক পারভীন আক্তারের পল্লবীর বাউনিয়া মৌজার সাড়ে সাত শতাংশ জমি (সিএস দাগ-৩১৯২) একতরফা শুনানি করে নিজেদের এখতিয়ারে নিয়ে নেয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে পারভীন আক্তার ২০১০ সালের জুলাইতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন। ২৯ জুন ২০১১ সালে দেওয়া ট্রাইব্যুনালের রায়ে পারভীন আক্তারকে জমির মালিক বলে উল্লেখ করা হয়। এই রায় সত্ত্বেও কোর্ট অব ওয়ার্ডস এই জমিটি ইজারা দেওয়ার জন্য তালিকাভুক্ত করেছে। এ বিষয়ে পারভীন আক্তারের স্বামী শাহ আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তাঁদের অনুকূলে রায় দেওয়ার পরও কোর্ট অব ওয়ার্ডস জমিটি ইজারা দেওয়ার জন্য তালিকাভুক্ত করেছে। এ বিষয়ে জমির মালিকানা দাবি করে লিখিত আপত্তি জমা দেওয়া হয়েছে। সূত্র জানায়, একই দাগে আরও ২৯ ব্যক্তির ৩১৪ শতাংশ জমি ইজারা দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে মিরপুরের বাসিন্দা জহুরা বেগমের ৮ দশমিক ৫০ শতাংশ জমি রয়েছে। তাঁর স্বামী আবদুল হাই বলেন, ‘তাঁরা অতীতের সব কটি জরিপের ধারাবাহিকতা রক্ষা করেই জমি কিনেছেন। তাঁদের পক্ষে নামজারিও করা আছে। নিয়মিত খাজনাও পরিশোধ করেছেন। তিনি বলেন, শত শত মানুষের জমি এভাবে কোর্ট অব ওয়ার্ডস যাকে-তাকে ইজারাদার দিতে পারে না। এই ইজারাদাররা জমি দখল করতে এলে মারামারি-খুনোখুনির ঘটনা ঘটবে। সরেজমিনে বাউনিয়া মৌজায় দেখা গেছে, ৩১৯২ দাগের (সিএস জরিপ) সব জমিকে ভাওয়ালের জমি বলা হলেও, একই দাগে জাহাঙ্গীর আলম নামে একজন উপসচিবের ২৫ শতাংশ জমি ইজারার আওতামুক্ত রাখা হয়েছে। সূত্র জানায়, প্রভাবশালী আরও অনেকের জমি এভাবে ইজারার আওতামুক্ত রাখা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জমি অন্যদের ইজারা দিয়ে দেওয়া হচ্ছে। জানতে চাইলে ভূমিমন্ত্রী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ভালো ব্যাখ্যা দিতে পারবেন।বোর্ড সূত্র জানায়, এই জমি ইজারা নেওয়া কেন্দ্র করে মতিঝিলের ভূমি সংস্কার বোর্ডে একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। এই চক্রের সঙ্গে বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। তাঁরা নামে-বেনামে জমি ইজারা নিয়েছেন বা নিচ্ছেন। আপাতত এক বছরের জন্য ইজারা নিলেও তাঁরা আশা করছেন, ভবিষ্যতে তা ৯৯ বছরে উন্নীত করা যাবে। যাঁরা ইজারা পেয়েছেন তাঁদের মধ্যে টাঙ্গাইল-২ আসনের সরকারি দলের সাংসদ খন্দকার আসাদুজ্জামানও আছেন। তিনি পল্লবী থানার বাউনিয়া মৌজায় সাত শতাংশ জমি (সিএস দাগ-৩১৯২) ইজারা নিয়েছেন। জানতে চাইলে খন্দকার আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার নামে কোনো জমি ইজারা দেওয়া হয়েছে কি না বা এ জন্য কোনো আবেদন করেছি কি না, তা আমার মনে নেই। তবে ভাওয়ালের জমি ইজারা নেওয়াটা কোনো অপরাধ নয়।’এ ছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা ও চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক গংরা নিয়েছে ৪৯ শতাংশ জমি। বিবেক ফাউন্ডেশনের (৮৫/১-এ পুরানা পল্টন লাইন, ঢাকা) প্যাডে আবেদন করা জনৈক ওয়ালী উল্লাহ গংকে নলভোগ মৌজায় ৪ দশমিক ৩০ একর জমি (সিএস দাগ-২৭৭, ৩৯৮, ৪৬৭ ও ৫৭৩) ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। জানতে চাইলে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নুরুল হক বলেন, ভুল জরিপের কারণে বিভিন্ন সময়ে ভাওয়ালের সম্পত্তি ব্যক্তির নামে, আবার ব্যক্তির সম্পত্তি ভাওয়ালের নামে রেকর্ড হয়েছে। এসব ক্ষেত্রে প্রামাণিক দলিলসহ কেউ আপত্তি জানালে রেকর্ড সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সরকারের রাজস্ব বাড়ানোর জন্য জমি ইজারা দেওয়া হচ্ছে।