প্রভাবশালীদের দখলে দুই হাজার একর খাসজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলার উপকূলীয় এলাকায় চিংড়িঘের তৈরি ও বন ধ্বংসের মাধ্যমে অবৈধভাবে দুই হাজার একরের বেশি সরকারি জমি দখল করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক, ব্যবসায়ীসহ প্রভাবশালী ব্যক্তিরা। প্রাকৃতিক দুর্যোগ ও ভূমি ক্ষয় ঠেকাতে ওই ভূমিতে সবুজ বেষ্টনীর জন্য যে বন সৃজন করা হয়েছিল, তা-ও উজাড় করে দেওয়া হয়েছে।ভূমি মন্ত্রণালয়ে দেওয়া এক গোপনীয় গোয়েন্দা প্রতিবেদনে দখলকারীদের পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও তাঁদের দখল করা জমির বিবরণ দেওয়া হয়েছে। এর আগে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান নোয়াখালী ঘুরে এসে ওই জেলার খাসজমি দখলের পুরো চিত্র জানতে চেয়েছিলেন।প্রতিবেদনে খাসজমি দখলকারী ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৯ জন আওয়ামী লীগ, একজন যুবলীগ ও একজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া বিএনপির ১৩ জন, জাতীয় পার্টির একজনসহ প্রভাবশালী আরও ৩৫ জন দখলদারের নাম তালিকায় আছে।জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমরা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনটি পেয়েছি। সে অনুযায়ী নির্দেশনাও দেওয়া হয়েছে।’মন্ত্রী বলেন, যাঁরা অবৈধভাবে খাসজমি দখল করেছেন, তাঁরা যে দলেরই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করারও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে চিংড়ি চাষের জন্য সরকারি জমি বরাদ্দ দেওয়া হবে না।নোয়াখালী জেলার সদরসহ নয়টি উপজেলায় কৃষি ও অকৃষি মোট খাসজমি ৮৯ হাজার ৩২১ একর। এর বেশির ভাগই উপকূলীয় এলাকায় অবস্থিত। এর মধ্যে সুবর্ণচর, কবীরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ২৩১০ দশমিক ৭৪ একর খাসজমি দখল হয়েছে।প্রতিবেদনে বলা হয়, দখলবাজদের অনেকে বন উজাড় করে জমি অবৈধভাবে ভূমিহীন/ছিন্নমূল লোকদের কাছে বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে চরাঞ্চলের খাসজমির কিছু অংশে প্রভাবশালী কিছু লোক অবৈধভাবে মাছের খামার গড়ে তুলেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে উপকূলীয় এলাকার খাসজমির এক-তৃতীয়াংশ বনায়ন, এক-তৃতীয়াংশ ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত এবং এক-তৃতীয়াংশ চিংড়িমহাল ঘোষণার সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী সময়ে চিংড়িমহালের বিরুদ্ধে একটি বেসরকারি সংস্থা রিট আবেদন করায় প্রক্রিয়া শুরু হলেও চিংড়িঘেরের জন্য ভূমি বন্দোবস্ত স্থগিত হয়ে যায়। সুবর্ণচর, কবীরহাট ও কোম্পানীগঞ্জ এলাকায় চিংড়ি চাষের জন্য বন্দোবস্ত না পেলেও চিংড়িঘেরের নামে বিপুল পরিমাণ খাসজমি রাজনৈতিক নেতা ও অন্য প্রভাবশালীরা নিজেদের দখলে রেখেছেন। প্রতিবেদনে বনদস্যু ও চিংড়িঘেরের নামে খাসজমি দখলকারী ৭০ জনের নাম রয়েছে।আওয়ামী লীগ: আওয়ামী লীগের নেতাদের মধ্যে ঢাকা-নিউইয়র্ক এগ্রো ফিশারিজের স্বত্বাধিকারী খন্দকার রুহুল আমিনের দখলে রয়েছে ১৯০ দশমিক ৬৫ একর, আল আমিন এগ্রো ফিশারিজের আনোয়ার মির্জার দখলে রয়েছে ১১০ দশমিক ১৯ একর, গোব এগ্রোভেট/ফিশারিজের মামুনুর রশীদের দখলে রয়েছে ৪৬ দশমিক ০৭ একর, বাহার মিয়া মৎস্য খামারের দখলে রয়েছে ৯ দশমিক ০৯ একর, তাহের মিয়া মৎস্য খামারের ইকবাল মাহমুদের দখলে ৯ দশমিক ৬৬ একর, আলাউদ্দিন মৎস্য খামারের মোহাম্মদ আলাউদ্দিনের দখলে ৯ দশমিক ৪৬ একর, তানিশ এগ্রো ফিশারিজের ১১ দশমিক ৫০ একর, আবদুল মঈদের দখলে ১১ একর, শাহজাহান গংয়ের দখলে ৮ দশমিক ৭০ একর, মফিজুর রহমানের দখলে ৮ দশমিক ৭০ একর, শহীদউল্লার দখলে ৮ দশমিক ৭০ একর, কামরুজ্জামানের দখলে ৮ দশমিক ৭০ একর এবং নজরুল ইসলাম গংয়ের দখলে ৮ দশমিক ৭০ একর জমি। অন্যদিকে বনদস্যুদের মধ্যে রয়েছেন আবুল বাশার মাঝি, সফি বাতাইন্যা, নুর নবী ওরফে নব্যা চোরা, জসীম, বাহার কেরানী, নূর আলম কমান্ডার। যুবলীগ: রাসেল এগ্রো ফিশারিজের মোহাম্মদ হানিফের দখলে রয়েছে ২৯ দশমিক ৭৮ একর জমি।ছাত্রলীগ: নাহিদ মৎস্য খামারের মালিক তানবির হোসেন নাহিদের দখলে রয়েছে ৮ দশমিক ৫৫ একর জমি।বিএনপি: পারটেক্স মৎস্য খামারের মালিক পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের দখলে রয়েছে ১০ দশমিক ২০ একর, লক্ষ্মী এগ্রো ফিশারিজের শাহজাহান প্রকাশের দখলে ৪৩৬ দশমিক ২৪ একর, সাউথ কোস্ট এগ্রো ফিশারিজের মালিক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের দখলে ২৩ দশমিক ০৫ একর, আল বারাকা এগ্রো ফিশারিজের মালিক শামিম মির্জার দখলে ১২৫ দশমিক ৬৬ একর, মানিক মেম্বারের মৎস্য খামারের দখলে ৮ দশমিক ১০ একর, ফজিলত এগ্রো ফিশারিজের ১৫ দশমিক ২৩ একর, মৈত্রী এগ্রো ফিশারিজের দখলে ২৬৮ দশমিক ৮৭ একর, নিজাম উদ্দিনের দখলে ২৬ দশমিক ৪২ একর, আবুল বাশারের দখলে ১০ একর এবং মোহাম্মদ নাছেরের দখলে রয়েছে ১০ একর জমি। এ ছাড়া বনদস্যুদের মধ্যে রয়েছে জসীম উদ্দিন রানা, জামাল উদ্দিন গাজী ও হাসান রাজা ওরফে হাসন। জাতীয় পার্টি: সৈকত মৎস্য খামারের মালিক জিল্লুর রহমানের দখলে রয়েছে ১০ একর জমি।ব্যবসায়ী ও অন্য প্রভাবশালী: মোশাররফ গ্রামার মৎস্য খামারের মালিক মোশাররফ হোসেনের দখলে রয়েছে ১৪০ দশমিক ৩২ একর, জাহাঙ্গীর আলম ফিশারিজের মালিক জাহাঙ্গীর আলমের দখলে ২৯ দশমিক ২৮ একর, রাফাতুন নূর ফিশারিজের দখলে ২৩ দশমিক ৮১ একর, আশিবা নগর ফিশারিজের দখলে ৪০ দশমিক ৫৬ একর, সিমপ্রাক ওয়ান মৎস্য খামারের দখলে ৯ দশমিক ০২ একর, নুরু মিয়ার মৎস্য খামারের দখলে ১২৯ দশমিক ৮৭ একর, আজাদ এগ্রো ফিশারিজের আবুল কালাম আজাদের দখলে ১০১ দশমিক ৬১ একর, নাজমুল হাসান এগ্রো ফিশারিজের দখলে ৯ দশমিক ৪৯ একর, হাজি মোশাররফ মৎস্য খামারের মালিক মোজাম্মেল হোসেনের দখলে ৮ দশমিক ৫৫ একর, আবুল কালাম আজাদ ফিশারিজের ৯ দশমিক ৫৪ একর, দক্ষিণবঙ্গ এগ্রো ফিশারিজের ৩০ দশমিক ৪৫ একর, বাইতুশ সাইফ মৎস্য খামারের মালিক মোটবীর পীরের দখলে ১৫২ দশমিক ৫৫ একর, ছালামাবাদ এগ্রো ফিশারিজের দখলে ২৬ দশমিক ৪২ একর, আবু তাহের, মমিন উল্যা, সালাম এগ্রো ফিশারিজ, মাহমুদা বেগম, নেছার আহম্মাদ ও মোসাম্মত সেলিনার প্রত্যেকের দখলে ১০ একর করে, জসিম উদ্দীনের দখলে ৬ দশমিক ৮২ একর, দেলোয়ার হোসেন গংয়ের দখলে ৮ দশমিক ৭০ একর, আবু বকর সিদ্দিকের দখলে ৫ দশমিক ৮০ একর, আবদুল কাইউমের দখলে ১০৯ একর, নুরুল আমিনের দখলে ১০ একর, মিজানুর রহমানের দখলে ১০ একর, মেসার্স নাসির ফিশারিজের দখলে ৩০ একর ও শাহ আলমের দখলে রয়েছে ৮ একর জমি। বনদস্যুদের মধ্যে রয়েছে আহাম্মদ খলিল ওরফে ভুলু, আ. মতিন মিস্ত্রি, জামালউদ্দিন, বেলাল উদ্দিন, ভুট্টো প্রকাশ, সিরাজ কমান্ডার, মোস্তফা ভুট্ট ও সেলিম।প্রতিবেদনে বলা হয়, ১৯৯৬ সাল থেকে বনদস্যুরা এ এলাকায় বন বিভাগের সৃষ্ট উপকূলীয় সবুজ বেষ্টনী ধ্বংস করে। ২০০৩ সাল পর্যন্ত এই বন উজাড় চলে। বর্তমানে ‘তেমন কোনো গাছ’ না থাকা ওই ভূমি খাসজমির অন্তর্ভুক্ত। প্রতিবেদনে বলা হয়, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার মাঝি এবং নোয়াখালী-৬ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ আলী জেলার বেশির ভাগ উপকূলীয় বন উজাড় এবং অবৈধ দখলকারীদের গডফাদার হিসেবে পরিচিত। এর আগেও এ বিষয়ে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।সুপারিশ: গোয়েন্দা বিভাগের প্রতিবেদনে বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও খাসজমি অবৈধ দখলমুক্ত করার সুবিধার্থে উপকূলীয় এলাকায় খাসজমি বন্দোবস্ত দেওয়ার আগে শ্রেণীভুক্তিকরণের সুপারিশ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে এতে বলা হয়, খাসজমির সম্ভাব্য অংশে বনায়ন শুরু করা অতি জরুরি। বনের জন্য নির্ধারিত ভূমি স্থায়ীভাবে বন বিভাগকে হস্তান্তর করা এবং বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।এ ছাড়া এর আগে চিংড়িঘেরের জন্য শ্রেণীভুক্তি ছাড়াই যে পরিমাণ জমি বরাদ্দের সিদ্ধান্ত হয়েছিল, তা যুক্তিযুক্ত নয় মন্তব্য করে আগের প্রজ্ঞাপন বাতিল করে ঘেরের ভূমির পরিমাণ কমিয়ে পুনর্নির্ধারণ করা যেতে পারে বলে অভিমত দেওয়া হয়েছে। ভূমিসচিব আতাহারুল ইসলাম গত মঙ্গলবার প্রথম আলোকে জানান, তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৯ আগস্ট ভূমিবিষয়ক সেমিনারে অংশ নিতে নোয়াখালী গেলে সংশ্লিষ্ট এলাকা সফর করবে।