প্রভাবশালীদের দখলে মধুমতি বাঁওড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড়ে প্রভাবশালী ব্যক্তিদের বাধার কারণে সাধারণ জেলেরা মাছ ধরতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। নিষেধ উপেক্ষা করে বাঁওড়ে মাছ ধরতে গিয়ে তাঁরা প্রভাবশালী ব্যক্তিদের হাতে নানাভাবে নাজেহাল হচ্ছেন।জানা গেছে, পাথরঘাটা, ঘোনাপাড়া, চাপতা, সুচাইল, চরভাটপাড়া, পরানপুর, লঙ্কারচর, ফাঙ্কারচর, ধানকোড়া, ঢুষইড়, তাড়াইল ও ফুকরা গ্রামের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে মধুমতির বুকে এই বাঁওর। সাত থেকে আট বছর ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বাঁওড়ের মধ্যে গাছের ডাল ফেলে বাঁশ দিয়ে ঘেরাও করে অবস্থান নিয়েছেন। এই বাঁওড়ে ছোটবড় এ রকম প্রায় ৩০০ কাঠা রয়েছে। বাঁওড় এলাকায় বসবাসরত প্রায় এক হাজার জেলে পরিবারের এই বৃহৎ জলাশয়ে মাছ ধরা প্রভাবশালী ব্যক্তিরা কার্যত অলিখিতভাবে নিষেধ করে দিয়েছেন। এ কারণে জেলেরা বাঁওড়ে মাছ শিকারে নামতে পারছেন না।বাঁওড় এলাকার জেলে রিপন বিশ্বাস, অংশু কচাল, সানাইল বিশ্বাস, চিত্ত অধিকারী, কার্তিক রায়, নিখিল বিশ্বাস, দেব কুমার মজুমদার, দুলাল বিশ্বাস, অরবিন্দু বিশ্বাসসহ কয়েকজন অভিযোগ করেন, তাঁরা সাধারণত কচাল জাল, বাইলা জাল, বেড়ি জাল ও বড়শি দিয়ে মাছ ধরেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের নজরে পড়লেই আর রক্ষা নেই। তাঁদের সামনে পড়লে জেলেদের কপালে জোটে মারধর। নৌকা ডুবিয়ে দেন। জাল-বড়শি কেড়ে নিয়ে যান। অথচ ঘোনাপাড়া গ্রামের রাজা মোল্লা, মিঠু মোল্লা, মিলন মোল্লা, শহিদ মোল্লা, আনোয়ার মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, রশিদ মোল্লা, এনায়েত মোল্লা, ফেরদাউস মোল্লা, বাবর, আহাদ, মিজান, নাসির, জামাল, নবা সরদার, লালচান, দাউদ, মিন্দ্রা লুলু, সেলিম উজিরসহ প্রায় ৩০০ প্রভাবশালী ব্যক্তি নিজ নিজ বাড়ির সামনে এসব কাঠা স্থাপন করে বছরের পর বছর মাছ ধরে বিক্রি করছেন। কিন্তু দরিদ্র জেলেদের হয়েছে মরণ দশা। এসব কথা শোনার ও দেখার কোনো লোক নেই। প্রতিবছর সরকার বাঁওড়ে মাছের পোনা ছাড়লেও এর কোনো সুফল পাচ্ছেন না তাঁরা।তারাইল-ফুকরা সমবায় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক কার্তিকচন্দ্র রায় (৭২) জানান, জেলেদের আয়ের একমাত্র উৎস মাছ ধরা। বর্তমানে জেলেরা অধিকার থাকার পরও মধুমতি বাঁওড়ে মাছ ধরতে পারেন না। সরকার প্রকৃত মৎস্যজীবীদের জন্য জলাশয়, বাঁওড় উন্মুক্ত করে দিলেও ক্ষমতাবানদের কাছে সাধারণ জেলেরা অসহায়। সম্প্র্রতি নিখিল বিশ্বাস নামের এক জেলে মধ্যরাতে মাছ ধরতে গেলে বশার মোল্লা নামের এক প্রভাবশালী ব্যক্তি বেদম মারপিট করে জাল-দড়ি নষ্ট করে ফেলেন।কাঠার মালিক ঘোনাপাড়া গ্রামের নাজমুল মোল্লা, জামাল মোল্লা, কালা চান মোল্লা, এনায়েত মোল্লা ও শহীদ মোল্লা বলেন, ‘এক সময় নদীটি খুব খরস্রোতা ছিল। নদীর পাড় ভাঙনের কারণে আমাদের অনেক জমি নদীতে বিলীন হয়ে গেছে। নদীতে যখন চর পড়ে, তার পর থেকে আমরা যার যার বাড়ির সিমানার সোজা জলাশয় ভোগদখল করে আসছি, তবে জেলেরা যে অভিযোগ দিয়েছেন, তা পুরো সত্য নয়। জেলেরা মাছ ধরেন। কাঠার কাছে আসলে আমরা নিষেধ করি। কাঠার কাছে মাছ ধরলে কাঠায় যে মাছ থাকে, তা অন্যত্র চলে যায়। কাঠা ঘেরাও না করা পর্যন্ত তাঁদের কাঠার কাছে আসতে নিষেধ করা হয়।’কাশিয়ানীর রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাঠামালিক আবুল কালাম উজির (সেলিম উজির) বলেন, ‘বর্ষা মৌসুমের শেষ দিকে মূলত জেলেদের বাঁওড় থেকে মাছ ধরতে নিষেধ করা হয়। জেলেরা বাঁওড়ে চরপাটা জাল ও খাঁচাজাল দিয়ে মাছ ধরেন, এ কারণে তাঁদের মাঝেমধ্যে বাধা দেওয়া হয়ে থাকে, বাকি সময় জেলেরা অবাধে মাছ ধরেন। আমি এই বিষয়গুলো সাবেক এবং বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানিয়েছি। আমার একটি কাঠা আছে, তাতে যে খরচ হয় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। এবার লোকসান হয়েছে। ভেবেছি কাঠাটি তুলে ফেলব।’কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুভাসচন্দ্র বিশ্বাস বলেন, ‘বাঁওড় এলাকার প্রভাবশালী ব্যক্তিরা কাঠা দিয়ে মাছ ধরেন এটা সত্য। কিন্তু সাধারণ জেলেরা একেবারে মাছ ধরতে নামতে পারে না, এটা পুরোপুরি সত্য নয়। তবে কাঠা দিয়ে মাছ ধরা আইনত অপরাধ। জেলেরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, ‘মধুমতি বাঁওড়টি উন্মুক্ত জলাশয়। সাধারণ জেলেদের কোনো অভিযোগ পাওয়া যায়নি, তার পরও বিষয়টি যেহেতু আপনাদের মাধ্যমে জেনেছি, সেহেতু আমি নিজে যাব। ঘটনা সঠিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’